ধ্বংসস্তূপ সরানোর পর্যাপ্ত সরঞ্জাম নেই
ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ভবন ধসে পড়ার ঘটনায় উদ্ধারকাজ চলছে। তবে ধ্বংসস্তূপে জমে থাকা বিপুল পরিমাণ রড ও কংক্রিট সরানোর জন্য পর্যাপ্ত যন্ত্র ও সরঞ্জাম নেই। উদ্ধারকারী দলের সদস্যরা এ কথা জানান।আজ বুধবার সকাল নয়টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছে বিপুলসংখ্যক সাধারণ মানুষ।সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, ওই ভবনে বিপণিকেন্দ্র, পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। এ কারণে ধসে পড়ার সময় ভবনটিতে বহু মানুষ ছিল, যারা ভেতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনীর উদ্ধারকারী দল রেকার দিয়ে ধসে পড়া ভবনের দেয়ালের অংশ সরানোর চেষ্টা করছে। তবে ধ্বংসস্তূপ সরানো যাচ্ছে না। ধসে পড়া দেয়ালগুলোর বড় বড় অংশও ভাঙা যাচ্ছে না। এ কারণে ভেতরে ঢুকে বিপুল উদ্যোগে উদ্ধারকাজ শুরু করা যাচ্ছে না। এখন যে উদ্ধারকাজ চলছে, তা অনেকটাই বিক্ষিপ্ত। যন্ত্রের ব্যবহারের মাধ্যমে উদ্ধারকাজে তেমন সাফল্য নেই।ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী দলের সদস্যরা বলছেন, ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটেছে। এমন ধ্বংসস্তূপ সরানোর মতো প্রয়োজনীয় যন্ত্র নেই। এ কারণে উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে।