সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে আর কত লাশ আছে? গতকাল বুধবার একের পর এক লাশ বেরিয়ে আসতে থাকায় এমন কথা শোনা যায় সেনাবাহিনীর একজন উদ্ধারকর্মীর মুখে। তিনি বললেন, ধ্বংসস্তূপ টানলেই বেরিয়ে আসছে বিকৃত হয়ে যাওয়া লাশ। লাশগুলো পরিণত হয়েছে প্রায় কঙ্কালে।
ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ এপ্রিল সকালে ভবনটি ধসে পড়ার পর থেকে গতকাল রাত সোয়া ১০টা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৮০৭টি লাশ। এর মধ্যে গত মঙ্গলবার রাত সোয়া ১০টা থেকে গতকাল রাত সোয়া ১০টা পর্যন্ত উদ্ধার হয় ১০১টি লাশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যুসহ ভবনধসে সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৮ জনে।
তথ্য অনুযায়ী, এ পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৬২৪টি লাশ। হস্তান্তরের অপেক্ষায় সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ৩০টি এবং ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজের মর্গে আছে ১০০টি লাশ। শনাক্ত না হওয়া ৬৪টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
ভবনের সামনের অংশের ধ্বংসস্তূপের বেশির ভাগই সরিয়ে ফেলা হয়েছে। তবে পেছনের দিকে এখনো অনেক ধ্বংসস্তূপ সরানো বাকি। উদ্ধারকাজে নিয়োজিত সেনাসদস্যরা জানান, পেছনের দিকের ধ্বংসস্তূপ টান দিলেই লাশ বের হচ্ছে। লাশ দেখা গেলে ধ্বংসস্তূপ সরানো বন্ধ রাখা হচ্ছে। এতে ধ্বংসস্তূপ সরাতে কিছুটা দেরি হচ্ছে।
সেনাবাহিনীর একজন উদ্ধারকর্মী বলেন, এখন ভবনের উত্তর-পূর্ব দিকে আর এস টাওয়ারের সঙ্গে লেপটে থাকা ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এই স্থানে অনেক লাশ দেখা যাচ্ছে। টান দিলেই লাশ বের হচ্ছে। আর কত লাশ আছে কে জানে? নিখোঁজের সঠিক সংখ্যা না থাকায় এ প্রশ্নের উত্তরও এখনো অজানা।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, রানা প্লাজায় থাকা পাঁচটি তৈরি পোশাক কারখানায় কর্মী ছিলেন তিন হাজার ৪০০ জন। ভবনধসের পর থেকে গত ২৮ এপ্রিল রাত পর্যন্ত দুই হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর জেলা প্রশাসনের করা তালিকা অনুযায়ী নিখোঁজ রয়েছেন ১৮২ জন। তবে এ তালিকায় নাম না থাকা অনেকের লাশ পরে উদ্ধার হয়েছে। অর্থাৎ নিখোঁজের এ তালিকাও সঠিক নয় বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২৮ এপ্রিল মধ্যরাত থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযান শুরুর পর আর জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।
লাশ আসছে, স্বজনও আছে, শনাক্ত করা যাচ্ছে না: দুই মেয়ে, এক ছেলে আর স্ত্রীকে নিয়ে সাভারের বাড্ডা ভাটপাড়ায় থাকতেন দিনমজুর তাহের। স্ত্রী ফিরোজা আক্তার রানা প্লাজায় কাজ করতেন। ১৫ দিনেও তাঁকে জীবিত বা তাঁর লাশ পাননি তিনি। তাহের জানান, স্ত্রীকে জীবিত পাওয়া যাবে না—এটা মেনে নিয়েছেন। লাশ পাওয়ার আশায় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠও ছাড়তে পারছেন না, অন্যদিকে দিনমজুরের কাজও বন্ধ।
তাহেরের মতো ৩০০-৪০০ মানুষ স্বজনের লাশের অপেক্ষায় গতকালও অধচরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে ছিলেন। লাশের গাড়ি এলেই হুমড়ি খেয়ে পড়ছিলেন সবাই। কিন্তু পরিচয় শনাক্ত করা যাচ্ছে না অনেকেরই। যেসব লাশের সঙ্গে মুঠোফোন আর পরিচয়পত্র পাওয়া যাচ্ছে, সেগুলোর বিষয়ে উদ্ধারস্থল থেকেই পরিজনদের ফোন করে জানানো হচ্ছে। স্বজনেরা এসে সেসব লাশ নিয়ে যাচ্ছেন।
২৪ এপ্রিল আড়াই বছরের শিশু নূর ইস্তাকে বাসায় রেখে রানা প্লাজার চতুর্থ তলার ফ্যান্টম গার্মেন্টসে কাজে এসেছিলেন নূর ইসলাম ও সায়েদা। এই দম্পতি নিখোঁজ। দাদা আবদুর রহিম ও দাদি সায়েরার সঙ্গেই সাভারে ছিল নূর ইস্তা। কিন্তু ছেলে ও ছেলের বউকে না পেয়ে মঙ্গলবার তাকে নিয়ে দাদা-দাদি দিনাজপুর চলে গেছেন। গতকাল নূর ইসলামের বড় ভাই রিপন জানান, বাবা-মাকে ভাতিজিসহ দিনাজপুর পাঠিয়ে দিয়ে তিনি অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আছেন।
সোলেমান ও তাঁর স্ত্রী হাসি বেগমও চতুর্থ তলায় কাজ করতেন। ১৫ দিন অপেক্ষার পর গতকাল সন্ধ্যায় সোলেমানের লাশ শনাক্ত করা হয় মুঠোফোন থাকায়। বাবা আবদুল কাদের ছেলের লাশ নিয়ে দিনাজপুর চলে যান রাতেই। স্বজনদের রেখে গেছেন ছেলের বউয়ের লাশ পেলে যেন নিয়ে যান।
আর এস টাওয়ারের সঙ্গে লেপটে থাকা অংশে লাশ: মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৮টি লাশ উদ্ধার করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। এর বেশির ভাগই রানা প্লাজার উত্তর-পূর্ব কোনা থেকে উদ্ধার হয়। ওই স্থানটি পাশের আর এস টাওয়ারের দেয়ালের সঙ্গে লেপটে গিয়েছিল। উদ্ধারকর্মীরা জানান, এই অংশে ভবনের দেয়াল, ছাদ, কলাম ও বিম একাকার হয়ে গেছে। অনেক লাশ চাপা পড়ে আছে সেখানে। এই অংশটুকু পুরো সরানো গেলে আর খুব একটা লাশ পাওয়া যাবে না। গতকাল বিকেল পাঁচটার দিকে একটি প্রায় কঙ্কাল হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয় সেখান থেকে। পরনের প্যান্টের পকেটে মুঠোফোন পেয়ে সেনাসদস্যরা সিম কার্ড খুলে এর মধ্যে রক্ষিত নম্বরে ফোন করে নিশ্চিত হন, এটি রিপনের লাশ। বাড়ি বাগেরহাটের শরণখোলায়। রিপনের মানিব্যাগে কিছু টাকা, অন্য মানুষের কিছু ভিজিটিং কার্ড, ঠিকানা পাওয়া যায়। সেগুলো লাশের সঙ্গে দিয়ে নাম-ঠিকানা লিখে অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে পাঠিয়ে দেওয়া হয়।
গ্রেপ্তার প্রকৌশলী কারাগারে
আদালত প্রতিবেদক জানান, রানা প্লাজা ধসের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া সাভার পৌরসভার প্রধান প্রকৌশলী আবদুর রাজ্জাক খানকে গতকাল কারাগারে পাঠান আদালত। গতকাল চার দিনের রিমান্ড শেষে তাঁকে হাজির করা হলে ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ এ আদেশ দেন।
২ মে রাজ্জাককে গ্রেপ্তার করে পরদিন চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৬ মে সাভার পৌরসভার প্রধান প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়াকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।