ধ্বংসস্তূপে ১৫ নারী ও শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ছয়টা। তুমুল বৃষ্টি। ঘুমের আলস্য তখনো কাটেনি। এরই মধ্যে বিশাল একটা পাথর মাটিসহ আছড়ে পড়ল অনেক মানুষের সুখের গেরস্তালিতে। সব শেষ। মুহূর্তে মৃত্যু কেড়ে নিল তাঁদের।কতজন? এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হয় ঘটনার ২৬ ঘণ্টা পর ২ জুলাই সকাল আটটা পর্যন্ত। দেয়াল ও মাটির ধ্বংসস্তূপ থেকে শেষ নিষ্প্রাণ দেহটি বের করা হয় রাজিয়া বেগমের। এই নিয়ে ১৭ জন। তার মধ্যে ১৫ জনই নারী ও শিশু।সাতজন নারী, বাকিরা দুই থেকে ১২ বছরের শিশু। প্রাকৃতিক দুর্যোগের শিকার। ১ জুলাই সকাল ছয়টায় দুর্ঘটনার পর আশপাশের মানুষের জল্পনাকল্পনা চলতে থাকে, ধ্বংসস্তূপের মধ্যে কে কে, কার কার পরিবার রয়েছে—এসব। সকাল সাড়ে আটটার দিকে ধ্বংসস্তূপ থেকে প্রথমে বের করা হয় তানজিনাকে। দুই বছর বয়সী শিশুটি আড়াই ঘণ্টা আগেও মায়ের কোলে ছিল। মৃত্যুর পরও সেভাবেই ছিল সে। তানজিনাকে ধ্বংসস্তূপ থেকে তোলার পরপরই পরম মমতায় কোলে নিয়ে নেন এক দমকলকর্মী। তারপর তার নিষ্প্রাণ দেহটি নিয়ে রাখা হয় স্কুলঘরের একটি কক্ষে।তানজিনার পর এক মিনিটের মধ্যে উদ্ধার করা হয় তার মা রেহেনা বেগমের লাশটি। তাঁর স্বামী রিকশাচালক বাচ্চু মিয়া গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন বাইরে। শুধু এই দুজন নয়, বাচ্চু মিয়া হারিয়েছেন তাঁর বড় মেয়ে শারমিন (১৮), ছেলে আজাদ (১০) ও মেয়ে ফাতেমাকেও (১১)।সাত বোনের মধ্যে মিনু সবার ছোট। দুর্ঘটনার খবর পেয়ে তাঁর দুই বোন ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। অবশেষে সন্ধ্যার দিকে মেলে মিনু, তাঁর স্বামী শফি ও দুই শিশুসন্তান সোনিয়া ও মিনহাজের লাশ। কান্না গগনবিদারী হয়। এই দুই পরিবারের স্বজনদের পাওয়া গেলেও বাকি তিনটি পরিবারের মৃতদেহ নেওয়ার জন্য কাছের কাউকে পাওয়া যায়নি। যেমন, রিকশাচালক আমজাদ, তাঁর স্ত্রী রাজিয়া ও তাঁদের শিশুসন্তান শারমিনের মৃতদেহও মিলেছে এই ধ্বংসস্তূপে। তাঁদের দূরসম্পর্কের স্বজনের কাছে হস্তান্তর করা হয় মৃতদেহ।স্বামী পরিত্যক্তা রাজিয়া ও তাঁর বাকপ্রতিবন্ধী মেয়ে শাহীনুরের (২২) জন্য শুক্রবার রাত দুইটায় বাটালি হিলের দুর্ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়ে ছিলেন এক ভদ্রমহিলা। তিনি বলেন, ‘রাজিয়া আমাদের বাসার গৃহকর্মী ছিলেন। তিন মাস আগে আরেকটি চাকরিতে যোগ দেন। কিন্তু আমি কোনোভাবে তাঁকে ভুলতে পারছি না। তাই একনজর দেখতে ছুটে এলাম।’এর কিছুক্ষণ পরই মেলে শাহীনুরের মৃতদেহ। পরদিন সকালে মিলেছে রাজিয়ার মৃতদেহ।স্বামী পরিত্যক্তা হোসনে আরা তাঁর দুই শিশুসন্তান সাজ্জাদ ও শাহেদাসহ মারা গেছেন এই দুর্যোগে। তাঁদের জন্য চোখের পানি ফেলেছে প্রতিবেশীরা। এভাবেই কি বেদনা বয়ে বেড়াতে হবে?