ধ্বংসস্তূপেও জীবনের জয়গান!
ধ্বংসস্তূপের মধ্যে এখনো পরিবারের ব্যবহার্য জিনিসপত্র খুঁজে ফিরছেন অনেকে। কেউ কেউ এর মধ্যেই পুড়ে যাওয়া ঘরের জায়গায় বাঁশের মাথায় কাঁথা, বিছানার চাদর অথবা পলিথিন বেঁধে তৈরি করেছেন অস্থায়ী ঘর বা ছাউনি।হাজারীবাগের পুড়ে যাওয়া বৌবাজার বস্তিতে গতকাল সোমবার গিয়ে দেখা গেল, এর মধ্যে সবাই সংসার গোছাতে শুরু করে দিয়েছে। বাঁশ, টিন দিয়ে কয়েকটি জায়গায় ঘর তৈরির উদ্যোগও চোখে পড়ল। গত শনিবার দিবাগত রাতে এই বস্তিতে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়। পুড়ে যায় ৭০০ ঘর। আর এসব ঘরের প্রায় তিন হাজার বাসিন্দার বেশির ভাগই রোববার রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে।স্থানীয় ব্যবসায়ীরা চাঁদা তুলে গতকাল সকালে খিচুড়ি বিতরণ করেছেন। দুপুরেও খাইয়েছে বিভিন্ন সংগঠন। তরুণদের কিছু সংগঠন পুরোনো কাপড় সংগ্রহ করে বস্তিবাসীর মধ্যে বিতরণ করেছে।ক্ষতিগ্রস্ত কয়েকজন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া টাকা ও ত্রাণসামগ্রী পেয়েছেন অল্প কিছু ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তবে এগুলো বিতরণের জন্য রসিদ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। গতকাল সন্ধ্যা পর্যন্ত রসিদ পেলেও টাকা পাননি বেশির ভাগই।প্রতি পরিবারের জন্য বরাদ্দ দেওয়া ৩০ কেজি চাল, শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ শুরু হয়নি। ঘর হারানোদের ঘর পুনর্নির্মাণ বা তাঁবুরও ব্যবস্থা করা হয়নি।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান বলেন, যাদের তালিকা তৈরি হয়েছে, এরই মধ্যে তাদের তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে আরও দুই হাজার টাকা দেওয়া হবে। তিনি বলেন, তালিকা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে চাল বিতরণ করা হবে।এদিকে আগুনে নিহত ১১ জনের মধ্যে গতকাল দুপরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে শিশু আবদুল্লাহর মরদেহ তার মা শিউলি বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের ঘোষিত ২০ হাজার টাকা তাঁকে দেওয়া হয়। এর আগে রোববার রাতে অপর ১০ জনের লাশ স্বজনেরা বুঝে নিয়েছেন। তাঁদেরও ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।এদিকে গতকালও আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির আঙ্কিক হিসাব পাওয়া যায়নি। এ ঘটনা তদন্তে গঠিত ফায়ার সার্ভিসের তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে। কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) ভরত চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার কারণ সম্বন্ধে এখনো নিশ্চিত নন তাঁরা।