ধ্বংসের ঝুঁকিতে আরেক টিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের খাদিমপাড়ায় টিলার চূড়ায় ‘পুকুর’ খননের আলোচিত ঘটনার রেশ না কাটতেই এবার একই এলাকায় বিশাল আরেকটি টিলার চূড়ায় চলছে ধ্বংসলীলা। চা-বাগান লাগোয়া ওই টিলার চূড়ায় কলাবাগান, নালা ও কচুখেত করার নামে চূড়া কেটে নিচু করা হয়েছে। এ ছাড়া মলাইটিলার মতো করেই চূড়ায় নালা খনন করায় বৃষ্টির পানি নেমে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ধ্বংসের ঝুঁকির মুখে পড়া এ টিলার নাম ছনকলা। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের খাদিম চা-বাগানের পাশে ছড়াগাঙ এলাকার সুবিশাল এ টিলাটি স্থানীয়ভাবে ‘খান সাহেবের টিলা’ নামে পরিচিত। এলাকাটি অর্ধশতাধিক টিলাবেষ্টিত হওয়ায় অনেকটা লোকচক্ষুর আড়ালে চলছে পরিবেশের জন্য ক্ষতিকর এ কাজ। সম্প্রতি টিলা এলাকার একমাত্র ছড়ায় (পাহাড়ি খাল) প্রবাহিত পানিতে অতিমাত্রায় পলি দেখে স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হয়। চূড়া কাটা মাটি পানির সঙ্গে পড়ে পাশের একটি ছড়া ভরাট হওয়ার উপক্রম হয়েছে।সরেজমিন ধ্বংসলীলা: ছোট-বড় শতাধিক টিলাবেষ্টিত ছনকলা টিলা আয়তন ও উচ্চতার দিক দিয়ে সবচেয়ে বড়। আনুমানিক প্রায় ২০০ ফুট উঁচু এ টিলার চূড়ায় ওঠার পথ সিলেট-তামাবিল সড়কের পাশের হজরত শাহ সুন্দরের (রহ.) মাজার এলাকা দিয়ে। ওই রাস্তা দিয়ে যেতে দেখা গেল, চূড়ার কাছাকাছি একটি খালে টিলার মালিক সেতু তৈরি করছেন। স্থানীয় একজন বললেন, লোকজনের সরাসরি টিলায় যাওয়া ঠেকাতেই সেতুর কাজ চলছে। এক মাস ধরে এ পথ বন্ধ। বিকল্প পথ দেখিয়ে দিতে গিয়ে চাপা সুরে ওই লোক বলেন, ‘পেছন দিকে যাইয়া উপরে উইট্ঠা দেখউক্কা টিলার অবস্থা।’ছড়াগাঙ ঘুরে টিলার পেছন দিক দিয়ে চূড়ায় উঠে দেখা যায়, কলাগাছ রোপণের নামে প্রায় ৪০ থেকে ৪৫ ফুট চূড়ার মাটি কেটে সমান করা হয়েছে। সেখানে ১৫ থেকে ২০টি কলাগাছ এলোমেলোভাবে রোপণ করা। মলাইটিলার কায়দায় বৃষ্টির পানিতে যাতে কাটা মাটি নিচে চলে যেতে পারে, সে জন্য খনন করা হয়েছে দীর্ঘ নালা। চূড়া বরাবর এ নালার গভীরতা তিন থেকে চার ফুট। দৈর্ঘ্য আনুমানিক ৭০-৮০ ফুট। পাশের আরেকটি ছোট টিলায় রীতিমতো হালচাষ করে কচুখেত করা হয়েছে। প্রথম দফায় এসব পর্যবেক্ষণ করা হয়েছে পর্যটকের ছদ্মাবরণে। দ্বিতীয় দফায় টিলায় গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে দেখতে চাইলে কাজ তদারকির দায়িত্বে থাকা মধ্যবয়স্ক এক ব্যক্তি চূড়ায় উঠতে বাধা দেন। মালিকের অনুমতি ছাড়া চূড়ায় ওঠা বা ছবি তুলতে নিষেধ করেন। নাম প্রকাশ না করা তদারককারী বলেন, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের বাসিন্দা শিল্পপতি রোকনউদ্দিন খান টিলার মালিক। এ জন্যই এলাকায় এটি ‘খান সাহেবের টিলা’ নামে পরিচিত। কথা বলার সময় মাটি কাটা শ্রমিকদের একটি দলকে তাড়াহুড়ো করে চূড়া থেকে নামতে দেখা যায়। এঁরা টিলার ওপরে কী করছিলেন—জানতে চাইলে তদারককারী ক্ষোভের সুরে ‘টিলার মালিক আমরা, কাটলাম না রাখলাম—কার কিতা?’ বলে চলে যান। বিশেষজ্ঞের আশঙ্কা: টিলাবেষ্টিত কোনো এলাকায় একটি টিলা এভাবে ধ্বংস হলে অন্যগুলোও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ মতামত ব্যক্ত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক জহির বিন আলম। চূড়ায় কলাবাগান, নালা আর কচুখেত—তিন বিষয়ের একাধিক ছবি দেখে টিলাটির ‘ধ্বংস অনিবার্য’ বলে মন্তব্য করে তিনি এটি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন।অধ্যাপক জহির বিন আলম প্রথম আলোকে বলেন, ‘টিলার চূড়ায় কলাগাছ লাগানো মোটেও পরিবেশসম্মত নয়। এ ছাড়া এগুলো লাগানো হয়েছে এলোমেলোভাবে। দেখেই মনে হয় মূল উদ্দেশ্য মাটি কাটা। একইভাবে চূড়ায় হালচাষ করলে বৃষ্টির পানি পড়ে টিলার প্রাকৃতিক কাঠামো বিনষ্ট হওয়ার কথা। কচুখেত করাটাও সেই টিলা ধ্বংসের উদ্দেশ্য।’ জহির বিন আলম বলেন, দীর্ঘ নালা খনন করায় ভারী বৃষ্টি হলে চূড়ার কাটা মাটির সঙ্গে খণ্ড খণ্ডভাবে টিলাটি ধসে পড়বে। নালা করার প্রতিক্রিয়ায় টিলার নিচে কোনো ছড়া বা খাল থাকলে সেখানকার গতিপথও বন্ধ হবে।’চূড়ার নিচে উদ্বেগ: একাধিকবার সরেজমিনে গিয়ে ছনকলা টিলার আশপাশের বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, টিলার মালিক রোকনউদ্দিন খান ওই টিলা এলাকাসহ প্রায় ১৫০ একর জায়গাজুড়ে খামার করছেন। তত্ত্বাধায়ক নিযুক্ত করে প্রায় তিন মাস ধরে টিলার চূড়ায় মাটি কাটাসহ বিভিন্ন কাজ করাচ্ছেন তিনি।ছনকলার পেছনে (উত্তর-পশ্চিম দিক) এক টুকরো কৃষিজমির একজন মালিক জানান, ছড়া ভরাট হয়ে যাওয়ার বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে তাঁরা কয়েকজন চূড়ার কাজ তদারককারীকে জানিয়েছিলেন। তিনি উল্টো তাঁদের শাসানোয় এই নিয়ে এলাকার আর কেউ কিছু বলছেন না। ওই ব্যক্তি বলেন, ‘অন্তত ২৫টি টিলার পানি ওই ছড়া দিয়ে যায়। ছড়া বন্ধ হলে জমিতে কৃষিকাজ করার কোনো সুযোগ থাকবে না।’টিলার সামনের দিকের পীরেরবাজারের স্থায়ী কয়েকজন বাসিন্দা জানান, প্রথমদিকে তাঁরা শুনেছিলেন, পুরো টিলাকে একটি পর্যটন এলাকা করা হবে। একসময় শোনেন বাগানবাড়ি। এখন শুনছেন চূড়ায় খামার হবে। গত তিন মাসে চূড়ার অন্তত ৩০ থেকে ৪০ ফুট মাটি কেটে সমান করা হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করলে টিলার মালিক রোকনউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘টিলার কোনো ক্ষতি করিনি। ড্রেসিং করে কিছু গাছ লাগানো হয়েছে মাত্র।’ টিলা ড্রেসিং করতে হলেও পরিবেশ অধিদপ্তর থেকে আগে অনুমতি নিতে হয়—এ কথা উল্লেখ করে অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে রোকনউদ্দিন বলেন, ‘নিজের টিলায় কাজ করতে হলে আবার পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয় নাকি? এটা জানা ছিল না বলে নেওয়া হয়নি।’শুধু ড্রেসিংয়ের কথা বললেও বাগান করতে চূড়ার ৩০-৪০ ফুট মাটি কেটে ফেলার ব্যাপারে জানতে চাইলে রোকনউদ্দিন খান কৌশলী জবাবে বলেন, ‘টিলায় এখন আর কোনো ড্রেসিং কাজ চলছে না। আপনি ইচ্ছে করলে রোজার পরে একবার এসে দেখে যেতে পারেন।’ তাঁদের অজানা!: যোগাযোগ করলে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিল্লুর রহমান ছনকলা টিলার ঘটনাটি তাঁদের অজানা বলে জানান। উপপরিচালক প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকবল কম থাকায় সাধারণত এলাকাবাসী ও গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে অভিযান চালানো হয়। এমনটি হলে অবশ্যই পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ মো. জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, টিলা ড্রেসিং করার ক্ষেত্রেও লিখিত আবেদন করতে হয়। পরিবেশ অধিদপ্তর সরেজমিন পর্যবেক্ষণ করে সম্ভাব্যতা যাচাই করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিক্রমে অনুমতি দেয়। অতীতে এ রকম বাগান বা ড্রেসিং করার অনুমতি নিয়ে পাহাড়-টিলা নিশ্চিহ্ন করা হয়েছে বলে সিলেটের ক্ষেত্রে এ ধরনের অনুমতি দেওয়া প্রায় বন্ধ রয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব বলেন, ‘প্রশাসনিকভাবে খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি সরেজমিন পরিদর্শন করতে বলব।’ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, ‘মলাইটিলার চূড়ায় পুকুর খননের পেছনে যুক্তদের সূক্ষ্মবুদ্ধির পরিবেশঘাতক বলা হয়েছিল। দেখা যাচ্ছে, ছনকলা টিলা ধ্বংসে রীতিমতো পরিবেশ-ডাকাতি চলছে। আগের অভিযানের ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তরের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া।’