ধ্বংসের পথে রামুর পুরাকীর্তি
বৌদ্ধবিহারের জন্য বিখ্যাত কক্সবাজারের রামু উপজেলা। একমাত্র রামুতেই আছে রেঙ্গুনি কারুকাজে তৈরি ২৭টি প্রাচীন ক্যাং (বৌদ্ধবিহার)। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা, উপযুক্ত পরিচর্যা ও সংস্কারের অভাবে অমূল্য এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়ে যাচ্ছে।‘বৌদ্ধবিহারের শহর’ খ্যাত রামুতে রয়েছে প্রায় আড়াই হাজার বছরের পুরোনো রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার, লামারপাড়া ক্যাংসহ বেশ কয়েকটি পুরাকীর্তি। দৃষ্টিনন্দন এসব নিদর্শন দেখতে রামুতে সারা বছরই থাকে দেশি-বিদেশি পর্যটকের ভিড়। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এখানকার দুটি বিহার বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আরও ১০টি বিহার ধ্বংসের পথে। এসব বিহার থেকে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান বুদ্ধমূর্তি, পিতলের ঘণ্টাসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এসব পুরাকীর্তি রক্ষায় একাধিক গণমাধ্যমে খবর প্রচারিত হলেও এ ব্যাপারে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি সরকার।রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ বলেন, রামুর অনন্য পুরাকীর্তিগুলো দেশের পর্যটনশিল্পকে সমৃদ্ধ করেছে। সরকারের উচিত এগুলো সংরক্ষণে এগিয়ে আসা। বৌদ্ধবিহারগুলো সংস্কার করে রামুকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব আদায় হবে।উপজেলার রাজারকুল, অফিসের চর, হাজারীকুল, পূর্ব রাজারকুল, মেরংলোয়া, শ্রীকুল, জাদীপাড়া, উখিয়ারঘোনা, উত্তর মিঠাছড়ি, উত্তর ফতেখাঁরকুলসহ বিভিন্ন এলাকায় মোট ২৭টি বৌদ্ধবিহার ও একটি জাদি (পাহাড়চূড়ায় অবস্থিত প্যাগোডা) রয়েছে। এর মধ্যে রাজারকুলে খ্রিষ্টপূর্ব ৩০৮ অব্দে সম্রাট অশোক নির্মিত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার, রামু সীমাবিহার, চেরাংঘাটা বড় ক্যাং, রামু মৈত্রীবিহার ও সাদাচিং বিহার নিয়মিত পরিচর্যার মধ্যে থাকলেও বাকিগুলো অযত্ন-অবহেলায় পড়ে আছে। এর মধ্যে প্রায় দেড় শ বছরের পুরোনো হাজারীকুল রাখাইন বৌদ্ধবিহার ও শ্রীকুল সাংগ্রীমা ক্যাং বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া জাদিপাড়ায় প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড়ের ওপর নির্মিত আড়াই শ বছরের পুরোনো জাদিটিও পরিত্যক্ত অবস্থায় আছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ওই দুটি বৌদ্ধবিহার থেকে কয়েকটি বুদ্ধমূর্তি স্থানীয় রাখাইন সম্প্রদায়ের উদ্যোগে সংরক্ষণ করা হলেও বেশির ভাগ মূর্তি চুরি হয়ে গেছে। এ ছাড়া পাহাড়ের উত্তর পাশে মাটি ধসে জাদিটির গোড়া ছুঁয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় জাদিটি ধসে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। একইভাবে অযত্ন-অবহেলায় বর্তমানে ধ্বংসের পথে লামারপাড়া ক্যাং, শ্রীকুল রাখাইন বৌদ্ধবিহার, লাল চিং, জোয়ারিয়ার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার, কাউয়ারখোপের উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধবিহার, জাদিপাড়া আর্যবংশ বৌদ্ধবিহার, পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বিহার, উত্তর মিঠাছড়ি বিদর্শন ভাবনাকেন্দ্রসহ প্রায় ১০টি বৌদ্ধবিহার। ফতেখাঁরকুল ইউনিয়নের লামারপাড়া ক্যাংয়ে রয়েছে দেশের সবচেয়ে বড় পিতলের তৈরি দুটি ঘণ্টা, অষ্টধাতু নির্মিত দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি, প্রাচীন শিলালিপিসহ ঐতিহাসিক কয়েকটি স্মৃতিচিহ্ন। রেঙ্গুনি কারুকাজে তৈরি প্রায় ২০০ বছরের পুরোনো চমৎকার নির্মাণশৈলীর এ বিহার বর্তমানে ভগ্নদশায়। বিহারাধ্যক্ষ ইয়ালাতারা ভিক্ষু বলেন, একসময় এ বিহারে ছোট-বড় অন্তত ২০টি ঘণ্টা ছিল। বুদ্ধমূর্তিও ছিল অনেকগুলো। সীমানাপ্রাচীর না থাকায় অনেক বুদ্ধমূর্তি, পিতলের ঘণ্টা প্রভৃতি চুরি হয়ে গেছে। ২০০২ সালে ব্যক্তি উদ্যোগে আর্থিক সহযোগিতা নিয়ে তিনি সীমানাপ্রাচীর ও পথ সংস্কার করেন। বর্তমানে আরও সংস্কার প্রয়োজন। এ জন্য সাহায্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি।রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের নির্বাহী সভাপতি বঙ্কিম বড়ুয়া ও সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, বর্তমানে কোটি টাকা খরচ করলেও এ রকম একটি বিহার তৈরি করা সম্ভব হবে না। কিন্তু অমূল্য এসব সম্পদ ধ্বংস হলেও এগুলো সংরক্ষণে সরকারের কোনো উদ্যোগ নেই। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি মো. আলম বলেন, বৌদ্ধবিহার ছাড়াও রামুতে আছে দেশের বৃহত্তম নারকেলবাগান, রাবারবাগান, হিমছড়ি ঝরনা, শাহ সুজা সড়কসহ পর্যটনের জন্য সম্ভাবনাময় আকর্ষণীয় বেশ কয়েকটি স্থান। বৌদ্ধবিহারগুলো সংস্কার এবং এসব স্থান ঢেলে সাজানো প্রয়োজন। কিন্তু কক্সবাজার শহরের সবচেয়ে নিকটবর্তী উপজেলা হয়েও রামু বরাবরই অবহেলিত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার বৌদ্ধযুগের সবচেয়ে প্রাচীন পুরাকীর্তি। উপমহাদেশজুড়ে এ রকম সুন্দর, বৈচিত্র্যময় পুরাকীর্তি আর কোথাও দেখা যায় না। কিন্তু এগুলো বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে। খুব দ্রুত এই পুরাকীর্তি সংরক্ষণে সরকারের উদ্যোগ নেওয়া দরকার।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক বলেন, বৌদ্ধধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মাঝে মাঝে এসব বিহারের জন্য উপজেলা প্রশাসন থেকে ছোটখাটো বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এসব পুরাকীর্তি সংরক্ষণে বড় বরাদ্দ প্রয়োজন।