ধ্বংসের মুখে মোগল স্থাপনা
মহাপরিকল্পনা, দফায় দফায় বৈঠক আর চিঠি চালাচালি চলছে বছরের পর বছর। কাজের কাজ শুরুই হয়নি। দখলদারদের কবলে পড়ে ঢাকার ঐতিহাসিক মোগল স্থাপত্য ছোট ও বড় কাটরা ধ্বংসের মুখে।শুধুই পরিকল্পনা: প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বড় কাটরা ও ছোট কাটরা সংরক্ষণের জন্য প্রায় ৫০ কোটি টাকার একটি মহাপরিকল্পনা নিয়েছে। এ নিয়ে গত বছরের জানুয়ারি মাসে সংসদ ভবনে কমিটি কয়েক দফা বৈঠকও করে। কমিটি এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে চিঠি দেয়। অধিদপ্তর গত বছরের ২ ফেব্রুয়ারি ঢাকার জেলা প্রশাসকের কাছে বড় কাটরা সংরক্ষণে কত টাকা প্রয়োজন, তা জানতে চেয়ে চিঠি দেয়।জেলা প্রশাসন জমির মূল্য অনুসন্ধান করে গত বছরের ২৫ মার্চ শুধু বড় কাটরার ১ দশমিক ৮০২ একর জমি অধিগ্রহণ করার জন্য ৪১ কোটি ৫ লাখ ৬৭ হাজার ২১৭ টাকা প্রয়োজন বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানায়।এরপর গত বছরের ২৯ এপ্রিল সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বড় কাটরা ও ছোট কাটরার সংরক্ষণের বিষয়ে পুনরায় আলোচনা হয় এবং এ বিষয়ে বিস্তারিত জানতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আবারও চিঠি দেওয়া হয়।প্রত্নতত্ত্ব অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, কর্মকর্তারা এক মহাপরিকল্পনা-সংবলিত চিঠি প্রস্তুত করে তা সংসদীয় কমিটিতে পাঠানোর ব্যবস্থা করেছেন। এভাবে দুই বছর ধরে শুধু বৈঠক, চিঠি আদান-প্রদান ও পরিকল্পনা প্রণয়ন চলছে। কিন্তু যে স্থাপনা রক্ষার জন্য এত সব চিঠি চালাচালি আর বৈঠক, তা দখলদারদের করাল থাবায় প্রায় বিলুপ্তির মুখে।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাগজপত্রে দেখা গেছে, ১৯১২ সালে প্রথম এই স্থাপনাগুলো মোগল সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। এরপর ১৯৫৪ সালে এগুলো প্রত্নসম্পদ হিসেবে তালিকাভুক্ত করা হয়। সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নগরের ঐতিহাসিক, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে ৯৩টি ভবনকে ঐতিহ্যবাহী বিশেষ ভবন, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সংরক্ষণের জন্য তালিকা করে।ডিসিসির এই তালিকায় প্রথমে রয়েছে ঢাকার প্রথম মসজিদ নারিন্দার বিনত বিবির মসজিদ। এর পরই রয়েছে বড় কাটরা ও ছোট কাটরা। তালিকাভুক্ত ভবন ও স্থাপনা নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া আংশিক বা সম্পূর্ণ অপসারণ, পুনর্নির্মাণ, পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন সম্পূর্ণ নিষেধ।মোগল স্থাপনার মালিকানা দাবি: সরেজমিনে দেখা গেছে, দখলদারেরা কাটরা দুটির বিভিন্ন অংশের কাঠামো ভেঙে সেখানে নতুন ইমারত নির্মাণ করেছে। ফলে মোগল স্থাপত্যশিল্পের সুনিপুণ কারুকার্যখচিত বড় কাটরা ও ছোট কাটরা বিলুপ্তির কবলে পড়েছে। এই স্থাপনার মালিকানা দাবি করছেন স্থানীয় শতাধিক বাসিন্দা। এমনকি ঢাকার বাইরের বাসিন্দাদের অনেকেও এই স্থাপনার মালিকানার দাবিদার।চম্পা বিবির মাজারে সাবান কারখানা: ছোট কাটরায় গিয়ে দেখা গেল, কাটরাসংলগ্ন চম্পা বিবির মাজার চত্বরটিও দখল হয়েছে। সমাধি ভেঙে মাজারের প্রবেশমুখেই নির্মাণ করা হয়েছে ‘ন্যাশনাল সাবান ফ্যাক্টরি’র কার্যালয় ও ‘খোকন গ্লাস স্টোর’।ন্যাশনাল সাবান ফ্যাক্টরির মালিক মোহাম্মদ আবদুস সাত্তার জানান, তিনি এই কারখানা নির্মাণ করেননি। এটি তিনি ভাড়া নিয়েছেন। জায়গার মালিক মোহাম্মদ তারা মিঞা। তারা মিঞা জানান, নবাবদের কাছ থেকে তাঁর পূর্বপুরুষেরা এই জায়গা কিনেছেন। তাই ক্রয়সূত্রে তিনি জমি ও সম্পদের মালিক।সরেজমিনে দেখা গেছে, ছোট কাটরার প্রবেশদ্বারের দুই দিকের প্রশস্ত দেয়ালের ওপর বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বুড়িগঙ্গা থেকে ছোট কাটরার প্রবেশের প্রধান সড়কটি দখল করেও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।বড় কাটরা: দখলের একই চিত্র বড় কাটরাতেও। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, বড় কাটরা সংরক্ষণে সবচেয়ে বড় বাধা হচ্ছেন মুফতি ফজলুল হক আমিনী। বড় কাটরার একটি বিশাল অংশ দখল করে তিনি মাদ্রাসা করেছেন। এ ব্যাপারে মুফতি ফজলুল হক আমিনী বলেন, ‘মাদ্রাসার বয়স ১০০ বছর। এখন এটি সরিয়ে নিতে বললে হবে না। আমি সরব না। মাদ্রাসার নিজস্ব সম্পত্তি নিয়ে কিছু করতে হলে পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করতে হবে। আমরা মোগল স্থাপনা সংরক্ষণের বিরোধী নই। এ জন্য সরকারি বিধি ভঙ্গ করেও আমরা কিছু করব না। সরকার যা করবে, তা আমাদের সঙ্গে আলোচনা করেই করতে হবে।’প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আবদুল খালেক জানান, স্থাপনাগুলো তৈরি করেছেন মোগল সুবাদাররা। কিন্তু পুরান ঢাকার এবং এমনকি বরিশালের বাসিন্দাও এখন এই মোগল স্থাপনার মালিকানার দাবিদার। এটি কীভাবে হয়েছে, তা কেউ বলতে পারছে না।নগরের ঐতিহ্য নিয়ে কাজ করে আরবান স্টাডি গ্রুপ। এর স্থপতি তৈমুর ইসলাম বলেন, বড় কাটরা সংরক্ষণ করতে হলে এখনই সেখানে স্থিতাবস্থা (যেমন আছে, তেমন থাকবে) বজায় রাখার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এরপর পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা দরকার। অন্যথায় দেখা যাবে, যে বড় কাটরার জন্য পরিকল্পনা, সেই বড় কাটরাই আর থাকবে না।