ধ্বংসের মুখে সেতুগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুকনো মৌসুমে বগুড়ার শেরপুরে নদীগুলোর ওপর নির্মিত সেতুরগুলোর নিচ থেকে মাটি কাটার তৎপরতা নতুন কিছু নয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া থাকলেও থামেনি মাটি কাটা। এ তৎপরতা বন্ধে প্রশাসনের তেমন উদ্যোগ নেই, এদিকে এলাকাবাসী কিছু বললেই তাদের দেওয়া হচ্ছে হুমকি-ধমকি। নিচ থেকে মাটি কেটে নেওয়া সেতুগুলো হলো করতোয়া নদীর ওপরকার গাড়িদহ, ফুলবাড়ী ও মির্জাপুর বেইলি সেতু এবং শহরের ধুনট রোড এলাকার ঢালাই সেতু। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, সেতুগুলোর মধ্যে ধুনট রোড ঢালাই সেতুটি ও গাড়িদহের বেইলি সেতুটি প্রায় দুই বছর হলো নির্মিত। এদিকে ফুলবাড়ী ও মির্জাপুরের বেইলি সেতুটি প্রায় দেড় যুগ আগে তৈরি। এ সেতুগুলো নির্মাণের পর শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ বেড়েছে। উপকৃত হচ্ছে হাজার হাজার কৃষক।সম্প্র্রতি সরেজমিনে দেখা যায়, ওই সব সেতুর নিচ এবং সংলগ্ন স্থান থেকে স্থানীয় একশ্রেণীর যুবক মাটি কেটে ব্যবসা করছে। একদিকে পিলারগুলোর গোড়া থেকে মাটি কাটায় ওগুলো যেমন দুর্বল হয়ে পড়ছে, তেমনি মাটি কাটতে ব্যবহূত যন্ত্রগুলো পিলারের গা ঘেঁষে যাচ্ছে। যন্ত্রগুলোর ঘষায় পিলারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।সেতুর পূর্ব এলাকার বাংড়া গ্রামের কৃষক মো. আমজাদ বলেন, ‘কী কমু ভাই, যারা মাটি কাটে তারা সগলেই এলাকার দাপটের লোক। বাধা দিয়া তাগোর সাথে প্যাইরা উঠব্যার পারমু না। তাই চুপ থাকি।’ কথা হয় ফুলবাড়ী বেইলি সেতুর পাশের এক ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি একদিন বাধা দিছিলাম। তাই যারা মাটি কাটছে তারা হুমকি দিছে, বেশি কথা বললে নাক-মুখ সমান কইরা দিমু।’ একই এলাকার মো. বুলু জানান, জেলা প্রশাসকের অফিস থেকে বালুমহালের ডাক নেওয়ায় একশ্রেণীর যুবক তা সাবলিজ নিয়েছে। কিন্তু তারা সেতুর পিলারগুলোর খুব কাছ থেকে মাটি কাটছে।অনুসন্ধানে জানা যায়, এভাবে মাটি কাটা ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন মো. বাবু, চঞ্চল, পানু, বেলাল, হাতেম, সাহেব আলী, রাজ্জাকসহ প্রায় ১২ ব্যক্তি। এঁদের মধ্যে হাতেম জানান, তিনি বেকার। তাই সংসারের সচ্ছলতার জন্য মাটি কেটে বিক্রি করছেন। এ ছাড়া অন্যরা কেউ কথা বলতে সম্মত হননি। এদিকে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শামছুজ্জামান বলেন, সেতুগুলোর পিলারের খুব কাছ থেকে মাটি কাটতে তিনি দেখেছেন। তিনিও মত প্রকাশ করেন, সেতুগুলো রক্ষায় উপজেলা প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান জানান, এ বিষয়ে থানার পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছিল। তবে পুলিশ কী করেছে, তা তিনি জানেন না। তিনি উপজেলা সমন্বয় কমিটির সভায় সমস্যাটি তুলবেন।