ন গ র ভা ব না
কমিশনার, ঢাকা মহানগর পুলিশদুই দিন পরপরই শহরে জারি হয় নিত্যনতুন নিয়ম। কিন্তু নিয়মের আড়ালে-আবডালে থেমে থাকে না অনিয়ম আর নিয়ম ভাঙার প্রতিযোগিতা। নগরবাসীর যাপিত জীবনের নিরাপত্তার বিধান আর নগর-ব্যবস্থাপনার একটা বড় অংশের দায়িত্ব আবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাঁধে। ডিএমপির নতুন কমিশনার বেনজির আহমেদ তাই নগরকে নিয়ে, নগরবাসীকে নিয়ে নিত্যনতুন চিন্তাভাবনার কথা বললেন ‘ঢাকায় থাকি’র কাছে। সাক্ষাৎকারটি নিয়েছেন আলী আসিফ। আগামীকাল থেকে নগরের যান-ব্যবস্থাপনা ও আইন প্রয়োগে কড়াকড়ি ঢাকার চেহারা কিছুটা হলেও বদলে দিতে পারে?বেনজির আহমেদ: নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সমন্বিত প্রয়াস জরুরি। সবাই ট্রাফিক আইন মেনে চললে, আইন এবং নিয়ম সম্পর্কে জনসচেতনতা বাড়লে এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে নাগরিক জীবনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসবে। আপনার কি মনে হয় না, অতীতে চালু হওয়া বিভিন্ন নিয়মের মতো এই নিয়মগুলোও অকার্যকর হয়ে যেতে পারে?বেনজির আহমেদ: যেসব আইন জারি করা হচ্ছে, সেগুলো কোনো নতুন আইন কিংবা নিয়ম নয়। এগুলো প্রচলিত আইনেই আছে এবং নিজের ও আশপাশের ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থেই এগুলো মেনে চলা উচিত। সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা পেলে এ নিয়মগুলো অকার্যকর না হয়ে বরং কার্যকর থেকে নগরজীবনে শৃঙ্খলা ফিরে আসবে, যান-ব্যবস্থাপনা আরও সমন্বিত হবে এবং সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তবে এ জন্য ব্যাপক হারে প্রচার ও প্রণোদনা প্রয়োজন। নগরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে এসব বিষয় বাস্তবায়ন কখনোই সর্বাংশে সফল হবে না। ডিএমপির সেবাকে আরও আধুনিক ও আরও নাগরিক-বান্ধব করার জন্য কী কী পরিকল্পনা রয়েছে?বেনজির আহমেদ: এ লক্ষ্যে আমরা বেশ কিছু কার্যক্রম চালানোর চিন্তাভাবনা করেছি। এর মধ্যে রয়েছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা, পুলিশ ও জনগণকে আরও কাছাকাছি নিয়ে যাওয়া। সবচেয়ে বড় কথা হলো, নাগরিকদের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা ও নির্ভরতা সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাব। শুধু তা-ই নয়, ডিএমপির কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলেও আমরা তার আইনানুগ ব্যবস্থা নেব। যানজট নিরসনে যান-ব্যবস্থাপনা নিয়ে আপনাদের চিন্তাভাবনা কী?বেনজির আহমেদ: ঢাকা মহানগরের যান-ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার লক্ষ্যে সহনীয় পর্যায়ে ছোট আকারে ধাপে ধাপে একমুখী যান চলাচল করা হবে, যা ইতিমধ্যে মতিঝিলসহ অন্যান্য এলাকায় শুরু হয়েছে। সব সিটি বাস সার্ভিসকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বাস থামানোর ব্যবস্থা করা হচ্ছে। ক্রসিং রোডে কমপক্ষে ১০০ গজের মধ্যে কোনো বাস না থামানোর নির্দেশনা দিয়ে ক্রসিংকে সব সময় মুক্ত রেখে, রোড ম্যাপিং ও রুট পুনর্বিন্যাসের ব্যবস্থা করা হচ্ছে। তা ছাড়া এলাকাভিত্তিক বাসের নির্দিষ্ট রং করার পরিকল্পনা করা হয়েছে। অধিকাংশ নগরবাসী থানা-পুলিশ এড়িয়ে চলতে পছন্দ করে। থানাগুলো কি নাগরিকবান্ধব নয়?বেনজির আহমেদ: ইদানীং ডিএমপির থানাগুলোতে ওয়ান স্টপ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেন্টারে সেবাপ্রত্যাশী মানুষের যথেষ্ট ভিড় চোখে পড়ার মতো। থানাগুলোর ওপেন হাউস ডে-তে এলাকার মানুষ অংশ নিচ্ছে। জনগণ ও পুলিশের অংশগ্রহণের মধ্য দিয়ে সহজেই অনেক জটিল সমস্যার সমাধান হচ্ছে। ডিএমপির সেবাকে কীভাবে আরও বেশি আধুনিক ও নাগরিক-বান্ধব করা যায়?বেনজির আহমেদ: অচিরেই আমরা ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে ক্রিমিনাল ডেটাবেইস সিস্টেম প্রবর্তন করব। এর ফলে থানায় আসা সেবাপ্রত্যাশী এবং মামলার বাদীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। যে পাসওয়ার্ডের মাধ্যমে অভিযোগকারী ক্রিমিনাল ডেটাবেইসে ঢুকতে পারবে এবং মামলার তদন্তের অগ্রগতি ইন্টারনেটেই জানতে পারবে। তখন থানা-পুলিশের পেছনে ঘুরে অযথা মূল্যবান সময়ের অপচয় করতে হবে না। নগর-ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রসঙ্গে একটি আরেকটির সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ তুলে থাকে। নগরের সার্বিক উন্নয়নের জন্য এ প্রতিষ্ঠানগুলোর মধ্যকার সমন্বয় কীভাবে আরও বাড়ানো যায়?বেনজির আহমেদ: ডিসিসিতে সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার রয়েছে; যার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়পূর্বক উন্নয়নমূলক কার্যক্রমকে ত্বরান্বিত করা। যেকোনো জটিল পরিস্থিতিতে সব প্রতিষ্ঠান সহায়কের ভূমিকা পালন করলে আর কোনো সমস্যা থাকে না।