নওগাঁয় সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলা সদরের তালপুকুর মহল্লায় নির্মাণাধীন একটি বাসার সেফটি ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।আজ শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ওই বাসার মালিকের ছেলে আবুল কালাম আজাদ (৩২) ও কলেজছাত্র সালেকুর রহমান (২২)। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাঁকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে নির্মাণশ্রমিক মনিরুল ও ওই বাড়ির মালিকের ছেলে আবুল কালাম আজাদ ঢালাইকাজে ব্যবহার করা সাটারিংয়ের কাঠ ও বাঁশ খোলার জন্য সেফটি ট্যাংকের ভেতরে ঢুকলে তাঁরা দুজনই অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওই বাসার লোকজন চিত্কার করলে পার্শ্ববর্তী একটি ছাত্রাবাসে থাকা সালেকুর রহমান (২২) নামের এক ছাত্র তাঁদের উদ্ধারের জন্য ওই ট্যাংকটির ভেতরে ঢুকলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ওই সেফটি ট্যাংকের অন্যান্য মুখের ঢাকনা খুলে তিনজনকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আবুল কালাম ও সালেকুর রহমানকে মৃত ঘোষণা করেন।নিহত কলেজছাত্র সালেকুর রহমান উপজেলার কল্যাণপুর গ্রামের আজু মণ্ডলের ছেলে বলে জানা গেছে।