নওগাঁয় গণপিটুনিতে দুজন নিহত
নওগাঁর ধামুরহাট উপজেলার লোদীপুর গ্রামে গতকাল মঙ্গলবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা তাদের ডাকাত বললেও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা পরিস্থিতির শিকার।নিহতেরা হলেন ধামুরহাট উপজেলার দেবীপুর গ্রামের শাহাজাহান আলী (৩০) এবং একই উপজেলার দেশাহার গ্রামের ফজলুর রহমান ওরফে ভেদু (৪৬)।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুখোশধারী দুর্বৃত্তরা গতকাল রাত নয়টার দিকে লোদীপুরে সড়কের ওপর গাছ ফেলে যাত্রীবাহী বাস আটকে মালামাল লুট করে। এ সময় বাস যাত্রীদের হইচই ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন চারপাশ থেকে ঘেরাও করে শাহাজাহান ও ফজলুরকে আটক করে। পরে স্থানীয় একটি মাদ্রাসার ভেতরে নিয়ে তাঁদের পিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।নিহতদের পরিবার থেকে দাবি করা হয়েছে, শাহাজাহান ও ফজলুর ডাকাত না। তাঁরা পরিস্থিতির শিকার। নিহত ফজলুর রহমানের ভাই নিজাম উদ্দিন ও ভাতিজা মতিবুল ইসলাম জানান, ফজলুর রহমান একজন কাঠ ব্যবসায়ী। এলাকায় তাঁর করাতকল আছে। অপরজন শাহাজাহান আলী একজন গৃহস্থ।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ চৌধুরী বলেন, ফজলুর খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। শাহাজাহান আলী বিএনপির সমর্থক। তাঁর বিরুদ্ধেও থানায় কোনো মামলা নেই।ধামুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলামের দাবি, এলাকাবাসী ফজলুরকে খারাপ লোক হিসেবে চেনে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। শাহাজাহানের বিষয়েও একই বক্তব্য দেন তিনি। তিনি দাবি করেন, ঘটনাস্থল থেকে তাঁরা একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছেন। আজ সকালে দস্যুতার অভিযোগে বাসের চালক আলামিন আহমেদ একটি এবং পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা ধামুরহাট থানায় করেছেন।