নওগাঁয় ছাত্রলীগ কর্মীকে রগ কেটে হত্যা
নওগাঁ সদর উপজেলার একটি মাজারের পাশ থেকে জুবায়ের আলম লিটন (৩৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পার বোয়ালিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর হাত ও পায়ের রগ কাটা এবং পেটে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন ছিল। নিহত জুবায়ের স্থানীয় ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল।নিহত জুবায়েরের বাবা ও ভবানীপুর গ্রামের বাসিন্দা জবেদ আলী জানান, গতকাল রাত নয়টার দিকে ছেলের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। ওই সময় জুবায়ের জানায়, তিনি শহরের পার্শ্ববর্তী শান্তাহার পৌর এলাকায় অবস্থান করছেন। বাসায় ফিরতে দেরি হবে। এর পরে তিনি আর বাসায় ফিরেনি। আজ সকালে গ্রামবাসীর কাছে পার বোয়ালিয়া গ্রামে এক যুবক খুনের ঘটনা শুনে তিনি সেখানে যান। মরদেহটি তাঁর ছেলে জুবায়েরের বলে তিনি শনাক্ত করেন। জুবায়ের নওগাঁ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নিয়মিত ঠিকাদার ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাশমী জানান, জুবায়েরের দুই হাত ও পায়ের রগ কাটা ছিল। এ ছাড়া পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ওসি বলেন, ঠিকাদারি কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে জুবায়েরকে খুন করা হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।