নওগাঁয় ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর নামক এলাকায় মহাদেবপুর-পোরশা সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হুজুর আলী (৩৮), দুলাল হোসেন (৪০) ও নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মাসুদ রানা (২৮) নামে মোট তিনজন সবজি ব্যবসায়ী মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও আটজন ব্যবসায়ী। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে মুক্তা বেগম (৩০) ও বশির উদ্দিন নামে দুই ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের মধ্যে ব্যবসায়ী হুজুর আলীর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে এবং দুলাল হোসেন ও মাসুদ রানার বাড়ি নওগাঁ সদর উপজেলার ভবানীনগর ও গোবিন্দপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পত্নীতলা থানার উপপরিদর্শক আবদুল ওয়াহেদ জানান, হতাহত ব্যবসায়ীরা আজ ভোর পাঁচটার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকা থেকে বিভিন্ন সবজি নিয়ে পোরশা উপজেলার গাংগুরিয়া হাটে যাচ্ছিলেন। পথে ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।