নওগাঁয় দেয়ালচাপায় চার শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট এলাকায় আজ শুক্রবার নির্মাণাধীন একটি গুদামের প্রাচীর ধসে চারজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয়জন।মৃত শ্রমিকেরা হলেন শেখ রাসেল (২৪), মুনসুর আলী (৫৫), এমদাদুল হক (২৬) ও রুবেল হোসেন (২২)। স্থানীয় সূত্র জানায়, চকগৌরী হাট এলাকার ভাই-ভাই চালকল নামের একটি প্রতিষ্ঠানের গুদামের দেয়াল প্লাস্টার করার সময় বিকেল সোয়া চারটার দিকে দেয়াল ধসের ঘটনা ঘটে। আহত শ্রমিক হোসেন আলী জানান, প্লাস্টারের কাজ করার সময় ২৮-৩০ ফুট উঁচু ওই দেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে অনেকেই চাপা পড়েন। স্থানীয় লোকজন শ্রমিকদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। সেখানে শেখ রাসেল নামের এক শ্রমিকের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে মুনসুর, এমদাদুল, শহিদুল ইসলাম ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই এমদাদুল ও মুনসুরের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করার পর রুবেলের মৃত্যু হয়।স্থানীয় ভীমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, নয়জনকে নওগাঁ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিত্সার ব্যবস্থা নেওয়া হয়েছে। গুদামের মালিক আবুল কাশেম মণ্ডলের সঙ্গে মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম জানান, রাত আটটা পর্যন্ত তাঁরা এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি।