নওগাঁয় ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ৩
নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে গতকাল শুক্রবার বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে তিনজন আদিবাসী শ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত আটজন।নিহত ব্যক্তিরা হলেন: মদন মার্ডি (৪৬), ইলিয়াছ মার্ডি (৪২) ও মহারাম মার্ডি (৪৯)। তাঁদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার পুঙ্গি গ্রামে।পুলিশ ও গ্রামবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, চকগোপাল গ্রামের ডালিম নামে এক জোতদার নিজের জমির ধান কাটার কথা বলে গতকাল ভোরে নিয়ামতপুর উপজেলার পুঙ্গি গ্রাম থেকে ২০-২৫ জন আদিবাসী শ্রমিককে নিয়ে আসেন। সকাল নয়টার দিকে তিনি আদিবাসী শ্রমিকদের নিয়ে চকগোপাল গ্রামে একটি বিরোধপূর্ণ জমিতে ধান কাটা শুরু করেন। বিষয়টি জানাজানি হলে ডালিমের প্রতিপক্ষ একই গ্রামের আনোয়ার হোসেন নামের এক জোতদার ৪০-৫০ জন লোক নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে গিয়ে আদিবাসী শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।আনোয়ারের পক্ষের লোকজন রামদা, হাঁসুয়াসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে আদিবাসী শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে মদন মার্ডি ও ইলিয়াছ মার্ডি ঘটনাস্থলেই মারা যান। মহারাম মার্ডিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মান্দা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজন আদিবাসী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মান্দা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, চকগোপাল গ্রামের জোতদার ডালিম ও আনোয়ারের মধ্যে তিন একর জমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।সূত্র জানায়, ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত কৃষ্ণ মার্ডি (৪৫) ও আবুল কালাম আজাদকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহামার উজ-জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।এলাকাবাসী জানায়, ঘটনার পর ডালিম ও আনোয়ারসহ তাঁদের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। চকগোপাল গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।