দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁয় নারী সাংসদ ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শাহিন মনোয়ারা হককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া শাহিন মনোয়ারার স্বামী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুল হক, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের প্রাথমিক সদস্যপদ কেন বাতিল করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ওই চারজন নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।বৈঠকে উপস্থিত থাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলামসহ একাধিক নেতা জানান, নওগাঁ পৌরসভার নির্বাচনে জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালানো এবং জেলা প্রশাসনে খবরদারি করার কারণে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বহিষ্কৃত নেতাদের মধ্যে সামসুল হক ও দেওয়ান ছেকার আহমেদ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে ক্ষোভে তাঁরা দলীয় প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে কাজ করেন বলে অভিযোগ ওঠে। জেলা আওয়ামী লীগের নেতারা খোঁজ নিয়ে ওই দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। এ ক্ষেত্রে সামসুল হকের স্ত্রী ও নওগাঁ-নাটোরের সংরক্ষিত নারী সাংসদ শাহিন মনোয়ারা হক এবং নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সম্পৃক্ততা পাওয়া যায়। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল দলের জরুরি বৈঠক আহ্বান করা হয়। সাংসদ শাহিন মনোয়ারা হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দলীয় প্রার্থীর বিরুদ্ধে আমরা কাজ করেছি বলে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।’ দল থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘চিঠি পাওয়ার পর এ বিষয়ে কথা বলব।’