নওগাঁয় নিজের ট্রাক্টরের নিচে দুজনের মৃত্যু
বালুভর্তি ট্রাক্টর ট্রলির চাকায় হেলান দিয়ে বসেছিলেন চালক আফতাব আলী (২৮) ও তাঁর সহকারী কাউসার রহমান (২৬)। হঠাত্ পেছনের একটি চাকা মাটির নিচে দেবে গেলে ট্রলিটি উল্টে যায়। মুহূর্তেই ট্রলির নিচে চাপা পড়ে শেষ হয়ে যায় দুটি তাজা প্রাণ। আজ সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলা ঘাটকর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে সাড়ে আটটার দিকে আফতাব ও কাউসার স্থানীয় একটি ইটভাটায় বালু সরবরাহের কাজে যান। ঘটনার সময় তাঁরা বালুভর্তি ট্রলির চাকায় হেলান দিয়ে বসেছিলেন এবং অন্য শ্রমিকেরা ট্রলির বালু অপসারণ করছিলেন। হঠাত্ বালুভর্তি ওই ট্রাক্টরের পেছনের একটি চাকা মাটির নিচে দেবে গিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় তাঁরা দুজনই ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে শ্রমিকেরা দ্রুত ট্রলি সরিয়ে তাঁদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাঁদের স্থানীয় পল্লী চিকিত্সক আক্কাস আলীর কাছে নেওয়া হলে তিনি তাঁদের মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মান্দা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শরিফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হবে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকি প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই ইটভাটার মালিক সাইদুর রহমান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।