নওগাঁয় বাস উল্টে নিহত ৫, আহত ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নারী ও চিকিৎসকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে ৪৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। বাকি আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, নওগাঁ থেকে রাজশাহী ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাস মান্দার সাবাইহাট সেতুর কাছাকাছি সিদুরপানিয়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে বাসটির অর্ধেক ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও রাজশাহীর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন। নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে আটটার দিকে উদ্ধারকাজ শেষ হয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হচ্ছেন মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল হক (৩৭), রাজশাহীর ব্যবসায়ী নীরেন্দ্রনাথ (৪০) ও রামেকের চিকিৎসক শওকত রশিদের বোন মুক্তা (৫০)। একজনের পরিচয় জানা যায়নি। তিনটি লাশ তাঁদের হেফাজতে রয়েছে বলে খালেকুজ্জামান জানান। রামেকের চিকিৎসক শওকত রশিদ জানান, তাঁর বোন মুক্তা শ্বশুরবাড়ি নওগাঁ থেকে রাজশাহীতে তাঁর কাছে আসছিলেন। রামেকের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, তাঁরা ৩৫ জনকে আহত অবস্থায় পেয়েছেন।