নওগাঁয় বিএনপির নেতাসহ কয়েক স্থানে পাঁচজন খুন
নওগাঁ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, যশোরসহ বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় একজন বিএনপির নেতাসহ পাঁচজন খুন হয়েছেন। নওগাঁর রানীনগর উপজেলায় গতকাল বুধবার খুন হন মিরাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদুল হক (৪৫)। কিশোরগঞ্জে ছেলের হাতে খুন হন পক্ষাঘাতগ্রস্ত আবুল হাসেম ভূঁইয়া (৮০)। চট্টগ্রামে গণপিটুনিতে মারা গেছেন অজ্ঞাত একজন। যশোরে মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হন মশিয়ার রহমান (৩০)। এ ছাড়া মাগুরায় গতকাল আসাদ শেখ (৩৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: তাড়াইল উপজেলার পূর্বজাওয়ার গ্রামের আবুল হাসেমকে দা দিয়ে কুপিয়ে খুন করেন ছেলে মেহের আলী (৩০)। এ ঘটনায় নিহতের ছেলে এরশাদ মিয়া (২৮) বাদী হয়ে মেহের আলীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এলাকাবাসী জানায়, ঘটনার পর আশপাশের লোকজন এসে মেহের আলীকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ ময়নাতদন্তের জন্য হাসেমের লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মেহেরের পরিবার সূত্র জানায়, নেশার টাকার জন্য এক বছর আগেও তিনি তাঁর বাবাকে মারধর করেন। গতকাল টাকার জন্য দা হাতে নিয়ে ঘরে গিয়ে মাকে না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন মেহের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, মেহেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান বাসস্টেশন এলাকায় গতকাল ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে জনতা পিটিয়ে হত্যা করে। রাঙ্গুনিয়া থানার এসআই ফজলুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তি গতকাল উপজেলার নবগ্রাম এলাকা থেকে সাহেদুল ইসলাম নামে পাঁচ বছরের এক শিশুকে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিশুর মা নুরজাহান বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়। যশোর: যশোর কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সদর উপজেলার মানিকদিহি গ্রামের মোকছেদ আলীর সঙ্গে তাঁর ভাতিজা সোহাগের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে সোহাগের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মোকছেদ আলীর বাড়িতে হামলা চালান। তাঁরা মোকছেদ ও তাঁর ছেলে মশিয়ারকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহতাবস্থায় দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মশিয়ার মারা যান।মাগুরা: সদর উপজেলার হাজীপুর গ্রামে গতকাল গলায় ফাঁস লাগানো অবস্থায় আসাদ শেখ (৩৮) নামে এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, আসাদকে শ্ব্বাসরোধ করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। সদর থানার ওসি রকিব উদ্দিন খান বলেন, নিহতের ভাই আরব আলী এ ঘটনায় থানায় হত্যা মামলা করেছেন। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামে বিএনপির নেতা এবাদুলের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। রানীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এবাদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।