নওগাঁয় বিডিআর বিদ্রোহের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২তে এর বিচারিক কার্যক্রম শুরু হয়। তিন সদস্যের বিচারিক আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের কয়েকজন সদস্য ৪৬ রাইফেল ব্যাটালিয়নের অস্থায়ী কার্যালয় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরের অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র লুট করে ব্যাপক গোলাগুলি করে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সময়ে নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে ৪৬ রাইফেল ব্যাটালিয়নের জেসিও হারুনর রশীদসহ ২১ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে নওগাঁর মুখ্য বিচারিক হাকিমের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন।ওই মামলায় ৪৬ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর (অব.) রফিক তদন্ত শেষে আজ বিশেষ আদালতে ১১ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—নায়েব সুবেদার হারুনর রশীদ, সুবেদার শাহ জামাল, ল্যান্স নায়েক ফকির ইলিয়াস, সেপাই আলমগীর হোসেন, জাকারিয়া, সাকিন শাহ, হারুনর রশীদ, কামরুল ইসলাম, কামাল হোসেন, হূদয় আহমেদ ও নজরুল ইসলাম।নওগাঁর ৪৬ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও বিশেষ আদালতের প্রসিকিউটর মেজর মঞ্জুর আজিজ জানান, বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত ১১ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে আজই অভিযোগের কপি আসামিদের সরবরাহের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত নওগাঁ জেলহাজতে আটক উল্লিখিত ১১ জন আসামিকে কাল বিশেষ আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।