নওগাঁয় শরবত পান করার পর মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় অরোভিট নামে একধরনের শরবত পান করার পর মা-ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আবদুস ছামাদের স্ত্রী ফেরদৌসী বেগম (৩২) ও তাঁর ছেলে মিলন (১৪)। গত শুক্রবার উপজেলার নলতৈড় গ্রামে এ ঘটনা ঘটে।একই শরবত পান করার পর আবদুস ছামাদ ও তাঁর আরেক ছেলে মাসুদ অসুস্থ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।চিকিৎসাধীন অবস্থায় আবদুস ছামাদ প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার দুপুরে প্রচণ্ড গরমে শরবত খাওয়ার জন্য গ্রামের মসজিদসংলগ্ন একটি দোকান থেকে পাঁচ প্যাকেট “অরোভিট অরেঞ্জ ড্রিঙ্কস” কিনে আনি। প্যাকেটের গুঁড়ো পানিতে মিশিয়ে শরবত বানায় আমার স্ত্রী। সেই শরবত আমরা পরিবারের চার সদস্যই পান করি। এর কিছুক্ষণ পর আমরা অসুস্থ হয়ে পড়ি।’মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী জানান, অসুস্থ চারজনকে গ্রামবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসীকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালের নিবন্ধন খাতায় রোগের বিবরণীতে ছামাদ ও তাঁর দুই ছেলে অরোভিট নামে একধরনের শরবত খেয়ে অসুস্থ হন বলে উল্লেখ রয়েছে। অচেতন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে চারটায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে মিলনের মৃত্যু হয়। ছামাদ ও মাসুদ শঙ্কামুক্ত আছেন।মান্দা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, অরোভিটের প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি রাজশাহীতে অবস্থিত। এর নাম অরোরা স্ট্যান্ডার্ড ফুডস কোম্পানি লিমিটেড। ঠিকানা হিসেবে প্যাকেটের গায়ে রাজশাহীর তালাইমারীর (শহীদ মিনারসংলগ্ন) নাম উল্লেখ রয়েছে। প্যাকেটের গায়ে বিএসটিআইয়ের সিলমোহর থাকলেও এর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ নেই।পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থার (বিএসটিআই) রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রুহুল আমিন প্রথম আলোকে জানান, সম্ভবত এই নামে একটি প্রতিষ্ঠান তাঁদের কাছ থেকে অনুমোদন নিয়েছে। যেহেতু প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ দেওয়া নেই, সেহেতু এটা অপরাধের মধ্যে পড়ে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।গতকাল শনিবার রাজশাহী নগরের তালাইমারী এলাকায় অবস্থিত অরোরা স্ট্যান্ডার্ড ফুডস কোম্পানি লিমিটেডের কারখানায় তালা ঝুলতে দেখা গেছে। টিনের ছাউনি দেওয়া একটি ঘরে কারখানার কাজ চলে। বাইরে কোথাও প্রতিষ্ঠানের সাইনবোর্ড নেই। সালাউদ্দিন নামে স্থানীয় এক তরুণ বলেন, ‘কারখানা রাতদিন চব্বিশ ঘণ্টা চলে। প্রচুর বেচাকেনা।’খোঁজ নিয়ে জানা যায়, অরোরা স্ট্যান্ডার্ড ফুডস কোম্পানির মালিক আরিফ হোসেন। গতকাল বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে। তিনি এখন ঢাকায় আছেন। কারখানা বন্ধের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আচমকা একটা অ্যাকশন কী করে সামাল দিব! তাই বন্ধ রাখছি।’উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার ব্যাপারে আরিফ হোসেন জানান, তাঁর কর্মচারীরা ভুল করতে পারে। ১০-১২ বছর ধরে কারখানাটি চালাচ্ছেন তিনি। কয়েক বছর ধরে তাঁর পণ্যের চাহিদা বেড়েছে। এটি নকল হচ্ছে বলে শুনেছেন তিনি। নওগাঁয় মা-ছেলের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত দাবি করেন তিনি।আর কী কী পণ্য তৈরি করেন জানতে চাইলে আরিফ হোসেন বলেন, অরোভিট ছাড়াও এক টাকা দামের হজমি ও ‘ডাবের পানি’ নামে টেস্টি স্যালাইনের মতো একটি পণ্য তৈরি করছেন।