নওগাঁ শহরে এক স্কুলছাত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়েছে বখাটেরা। আজ রোববার শহরের তাজের মোড় এলাকায় একটি গলির ভেতর এ ঘটনা ঘটে।আহত ওই ছাত্রী জানায়, সে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। আজ স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করে সে হেঁটে বাড়িতে ফিরছিল। শহরের পারনওগাঁ এলাকার মিনার বিস্কুট ফ্যাক্টরির গলিতে ঢোকামাত্র কালো কাপড়ে মুখ বাঁধা এক যুবকসহ বোরখাপরা অপরিচিত আরও দুই যুবক তার পথ রোধ করে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই দুই যুবক তার হাত ও মুখ চেপে ধরলে কাপড়ে মুখ বাঁধা অপর যুবক ধারালো ব্লেড ও চাকু দিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করে দেয়। এ সময় সে চিত্কার দিলে তারা পালিয়ে যায়। পরে খবর পেয়ে নওগাঁ সদর থানার পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।ওই ছাত্রীর বাবা আলমগীর হোসেন জানান, তাঁদের কোনো শত্রু নেই। কোনো কারণে এলাকার বখাটে ছেলেরাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন তিনি।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে ওই ছাত্রীর মা-বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বখাটে যুবকদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।