নওগাঁয় ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় ৪৬ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ১১ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে এক শ টাকা করে জরিমানা করা হয়।নওগাঁর ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে এ রায় দেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ১১ জন আসামিকে বিশেষ আদালতে হাজির করা হয়।আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। অপর দুই সদস্য হলেন লে. কর্নেল গাজী খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার।রায় ঘোষণার পর এক সংবাদ ব্রিফিংয়ে মামলার কৌঁসুলি ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার শফিক জানান, সিপাহি কামাল হোসেনকে ছয় মাস; ল্যান্স নায়েক ফকির ইসাহাক, সিপাহি হারুন-অর-রশিদ, সিপাহি হূদয় আহমেদ ও সিপাহি জাকারিয়াকে এক বছর; সিপাহি নজরুল ইসলামকে এক বছর ছয় মাস; সিপাহি কামরুল ইসলামকে দুই বছর; নায়েক সুবেদার হারুনর রশিদ ও সিপাহি শাকিন শাহকে তিন বছর; সুবেদার শাহ জালালকে চার বছর এবং সিপাহি আলমগীর হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।লে. কর্নেল আনোয়ার শফিক আরও জানান, দণ্ড পাওয়া ১১ জন সদস্যের মধ্যে অভিযোগ গঠনের সময় ল্যান্স নায়েক ফকির ইসাহাক, সিপাহি শাকিন শাহ, সিপাহি কামাল হোসেন, সিপাহি জাকারিয়া, সিপাহি হূদয় আহমেদ ও সিপাহি হারুন-অর-রশিদ আদালতে দোষ স্বীকার করে অনুকম্পা চান। এ পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের শাস্তির মেয়াদ কমিয়ে দেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার জের ধরে নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের কিছু সদস্য বিদ্রোহ করেন। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর রফিক উদ্দিন বাদী হয়ে বিশেষ আদালত-১২-তে একটি মামলা করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়। ১০ অক্টোবরই মামলার বিচারের কার্যক্রম শুরু হয়। চার কার্যদিবসে আইনি প্রক্রিয়া শেষে বিশেষ আদালত গতকাল ওই রায় দেন।