বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ২৫ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন চার মাসের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। ওই ব্যাটালিয়নের সদর দপ্তরের একটি কক্ষে স্থাপিত বিশেষ আদালত-১২-তে আসামিদের উপস্থিতিতে আজ সোমবার রায় ঘোষণা করা হয়। বেলা ১১টা থেকে দুুপুর ১২টা পর্যন্ত বিচারকাজ চলে। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সর্বোচ্চ সাত বছর করে দণ্ড তিনজনকে, ছয় বছর করে তিনজনকে, পাঁচ বছর করে দুইজনকে, চার বছর করে তিনজনকে, তিন বছর নয় মাস একজনকে, তিন বছর ছয় মাস একজনকে, দুই বছর ছয় মাস করে দুইজনকে, দুই বছর করে ছয়জনকে, এক বছর ছয় মাস করে দুইজনকে এবং চার মাস করে দুইজনকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। আদালতে সভাপতিকে সহযোগিতা করেন প্যানেল বিচারক লে. কর্নেল গাজী খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আর অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর লে. কর্নেল ফজলুল হক জানান, বিশেষ আদালতের কার্যক্রম শুরুর পর থেকে গত ২২ ডিসেম্বর পর্যন্ত আদালতের বিচারক প্যানেলের তিনজন বিচারক একাধারে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং মামলার ২১ জন সাক্ষীর সাক্ষ্য নেন। এ সময় ১৯ জন আসামি তাঁদের পক্ষে সাক্ষীদের জেরা করেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় আদালতের অনুকম্পা প্রার্থনা করে নিজেদের দোষ স্বীকার করেন। অপর একজন আসামি তাঁর পক্ষে আদালতে সাফাই সাক্ষীর আবেদন জানান। পরে আদালতের সভাপতি ওই আসামির পক্ষে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি সম্পন্ন করেন। একই সঙ্গে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।