নওগাঁয় ২৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের ২৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। আজ সোমবার সকাল ১০টায় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-এ বিচার কাজ শুরু হয়। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। আদালতের অন্যদের মধ্যে উপস্থিত আছেন লে. কর্নেল গাজী খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফজলুল হক। প্রসঙ্গত, নওগাঁর বিশেষ আদালতে গত ১৯ অক্টোবর ৪৩ রাইফেল ব্যাটেলিয়নের বিদ্রোহী বিডিআর সদস্যদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। আদালতের প্রথম কার্য দিবসে ওইদিন ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ানের কোয়াটার মাস্টার ডিএডি আব্দুল লতিফ সরকার বাদী হয়ে একটি নালিশি অভিযোগ উত্থাপন করেন। উত্থাপিত অভিযোগে ৪৩ রাইফেল ব্যাটেলিয়নের জেসিও সুবেদার মেজর খালিদ হোসেন ও জেসিও নায়েব সুবেদার শেখ আতিয়ার রহমানসহ ২৫জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহের অভিযোগ আনা হয়। বিশেষ আদালতের প্যানেল বিচারক শুনানি শেষে বাদীর অভিযোগ আমলে নেন।