নওগাঁয় ২৫ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে নালিশি অভিযোগ উত্থাপন
নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারকাজ আজ সকাল ১০টার দিকে শুরু হয়ে দুুপুুর ১২টার দিকে শেষ হয়েছে। আদালত আগামীকাল বুধবার সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৪৩ রাইফেল ব্যাটালিয়ন অভ্যন্তরে স্থাপিত বিশেষ আদালত-১২তে নওগাঁ বিডিআরের কোয়াটার মাস্টার ডিএডি আবদুল লতিফ সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের ২৫ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনের আর্টিকেল ১০-এ(১) ধারায় একটি নালিশি অভিযোগ উত্থাপন করেন। বিশেষ আদালতের প্যানেল বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে আগামীকাল সকালে সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন। মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে তাঁদের মধ্যে দুজন ছাড়া সবাই অন্য একটি নালিশি মামলায় নওগাঁ জেলা কারাগারে আটক রয়েছেন। আটক হওয়া সদস্যদের বিশেষ আদালতের মামলায় গ্রেপ্তার দেখানোরও নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে নওগাঁ সদর থানার পুলিশ আজ দুপুরে ৪৩ রাইফেল ব্যাটেলিয়ন থেকে বিশেষ আদালতের মামলায় অভিযুক্ত জেসিও শেখ আতিয়ার রহমান ও নায়েক স ম হেদায়েত আলী নামের দুই বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে।নওগাঁর বিশেষ আদালতে তিন সদস্যের প্যানেল বিচারকের আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক।