নওয়াপাড়া এখন যানজটমুক্ত শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ততম শহর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়াকে যানজটমুক্ত করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে নূরবাগ বাসস্ট্যান্ডটি উচ্ছেদের ফলে ৩ জুলাই থেকে শহরটি যানজটমুক্ত হয়েছে। দেশের অন্যতম বড় সারের বাজার নওয়াপাড়া। এখানে চারটি পাটকল, তিনটি সুতাকল, ১০টি সিমেন্ট কারখানাসহ অনেক ছোট-বড় কলকারখানা রয়েছে। তা ছাড়া ভারত থেকে স্থলপথে যেসব পণ্য আমদানি করা হয়, তার বেশির ভাগ রেলওয়ের ওয়াগনে করে দর্শনা স্থলবন্দর হয়ে নওয়াপাড়ায় আনা হয়। পরে তা সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এসব কারণে নওয়াপাড়ায় সব সময় যানজট লেগেই থাকে। এ ছাড়া কয়েক বছর আগে নওয়াপাড়ার নূরবাগে যশোর-খুলনা মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠে একটি বাসস্ট্যান্ড। ফলে নওয়াপাড়া বাজারজুড়ে দিনের প্রায় অধিকাংশ সময় লেগে থাকে তীব্র যানজট। এই যানজটের কারণে দূরপাল্লার অনেক পরিবহন ঘণ্টার পর ঘণ্টা নওয়াপাড়ায় আটকে থাকে। ফলে যাত্রীদের অসহনীয় দুর্ভোগের কবলে পড়তে হয়। সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদেরও এ দুর্ভোগের শিকার হতে হয়। অবশেষে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ১ জুলাই পৌরসভা মিলনায়তনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর মেয়র এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপজেলা পরিষদের চেলারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে যানজট নিরসনের লক্ষ্যে নূরবাগ বাসস্ট্যান্ড উঠিয়ে দিয়ে শুধু নওয়াপাড়া বাসস্ট্যান্ডে বাস থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বলেন, নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়া নওয়াপাড়া বাজারের আর কোথাও বাস থামতে পারবে না। যেকোনো মূল্যে নওয়াপাড়া বাজারকে যানজটমুক্ত রাখা হবে। মেয়র এনামুল হক বাবুল বলেন, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে নূরবাগ বাসস্ট্যান্ড উচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। নওয়াপাড়াকে যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, নওয়াপাড়ার যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।