নওয়াপাড়ায় ভেজাল দস্তা সার কৃষক প্রতারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সারের বড় বিপণনকেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভেজাল দস্তা সারের রমরমা বাণিজ্য চলছে। কৃষকেরা না বুঝে আমেরিকান দস্তা সার ভেবে ভেজাল ওই সার খেতে প্রয়োগ করে প্রতারিত হচ্ছেন। এ ব্যাপারে কৃষি বিভাগের কোনো তদারকি না থাকায় ভেজালকারীরা অবাধে ভেজাল দস্তা সার তৈরি ও বিক্রি করে যাচ্ছেন বলে কৃষকেরা অভিযোগ করেছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, হেপ্টা ও মনোহাইড্রেট—এই দুই ধরনের দস্তা (জিঙ্ক সালফেট) সারের সরকারি অনুমোদন রয়েছে। এই দুই ধরনের দস্তা সারে জিঙ্কের উপাদান যথাক্রমে শতকরা ১৮ ও ৩৬ ভাগ থাকার কথা। এ ছাড়া এর যৌগ উপাদান হিসেবে সামান্য পরিমাণ সালফার থাকতে হবে।ওই সূত্র জানায়, বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে কৃষি বিভাগের পাঠানো সাম্প্র্রতিক কয়েকটি নমুনা পরীক্ষায় দেখা যায়, ভেজাল দস্তা সারে জিঙ্কের পরিমাণ সামান্য দিয়ে সালফারের পরিমাণ বেশি দেওয়া হয়। যে কারণে ধানগাছের কাণ্ড ও পাতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ফলে ধানের উৎপাদন কমে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াপাড়ার এক সার ও কীটনাশক ব্যবসায়ী জানান, যশোর শহর ও এর আশপাশে কয়েকটি ভেজাল দস্তা কারখানায় ভেজাল সার তৈরি করে আমেরিকান দস্তা সারের প্যাকেট ছাপিয়ে বাজারজাত করে আসছে। আইন প্রয়োগকারী সংস্থা বেশ কয়েকবার অভিযান চালিয়ে এসব কারখানা বন্ধ করে দিলেও ভেজাল দস্তার কারবার বন্ধ হয়নি।উপজেলার ধোপাদি গ্রামের কৃষক আমিনুর রহমান জানান, তিনি এবার দুই বিঘা আউশ ধানখেতে তিন কেজি হেপ্টা জিঙ্ক ব্যবহার করেছিলেন। তাঁর ধান থোড় আসার আগে পর্যন্ত খুব ভালো ছিল। কিন্তু ধানের শিষ বের হওয়ার পর সব ধানগাছ মাটিতে নুয়ে পড়ে। তিনি জানান, এ কারণে তিনি এবার ফলন অনেক কম পেয়েছেন। একই রকম অভিযোগ নওয়াপাড়া গ্রামের কৃষক মোরশেদ আলির। তিনি বলেন, ‘বাজার থেকে আমেরিকান দস্তা সারের প্যাকেট দেখে সার কিনে আউশ ধানের খেতে দিয়েছিলাম। কিন্তু ফলনের সময় বুঝতে পারলাম ওই সার ভেজাল ছিল। ফলনে খুব মার খেয়েছি।’ উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষকদের কাছে অতি সুপরিচিত আমেরিকান দস্তা সারের বাংলাদেশে একমাত্র আমদানিকারক নওয়াপাড়ার মেসার্স আলি মার্চেন্ডাইজ লিমিটেড। প্রতিষ্ঠানের পরিচালক শরিফউদ্দিন আহমেদ জানান, ভেজালকারীরা তাঁদের ব্র্যান্ড নকল করে কমদামে দস্তা সার তৈরি ও বিক্রি করায় তাঁদের সারের বেচাকেনা কমে গেছে। কৃষকও প্রতারিত হচ্ছে।উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, কৃষকেরা সার না চিনে বাহারি মোড়ক দেখে বাজার থেকে ভেজাল দস্তা কিনে প্রতারিত হচ্ছেন।’