নকআউট পর্বে অনেক মহাতারকাই ম্লান
মাইকেল হোল্ডিং, কপিল দেব, ইমরান খান, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়াহ—বিশ্ব ক্রিকেটের একেকটি উজ্জ্বল নক্ষত্র। পাঁচজনই বিশ্বকাপজয়ী অধিনায়ক।আরও একটি মিল আছে এই নক্ষত্রপুঞ্জের। সেটি বরং আলো না ছড়িয়ে উজ্জ্বল ক্যানভাসে সামান্য কালির আঁচড়ই দেবে। এই পাঁচজনের কেউই যে বিশ্বকাপের নকআউট পর্বে কখনো হতে পারেননি ম্যাচসেরা। বিশ্বজয়ের আনন্দের মাঝে এই নিয়ে তাঁদের মনের দুঃখবোধ থাকতেই পারে।কিন্তু নকআউট পর্বে বর্তমানের অনেক মহাতারকাই ম্যাচসেরা হতে পারেননি। এ যুগের ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার, ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়, দক্ষিণ আফ্রিকান ‘গ্ল্যাডিয়েটর’ জ্যাক ক্যালিস, বোলারদের মূর্তিমান আতঙ্ক বীরেন্দর শেবাগ, স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরন—কেউই নকআউট পর্বে আলো ছড়াতে পারেননি।এঁরা সবাই কোনো না-কোনো বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছেন। গ্রুপ পর্বে নিজেদের নামের প্রতি করেছেন সুবিচার। তবে নকআউট পর্বে এসেই তাঁরা যেন বেরসিক। রানের দুয়ারে কপাট লাগিয়েছেন। কখনো বা ভালো করলেও আরেক সতীর্থের সেরা পারফরম্যান্সে ঢাকা পড়েছেন। কখনো হাতে ওঠেনি ম্যাচসেরার পুরস্কার।আগুনের গোলা বের হতো জোয়েল গার্নার, অ্যালান ডোনাল্ডের হাত থেকে। সেই আগুনে পুড়ে ছাই হতো কত রথী-মহারথী। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব এলেই তাঁরা যেন হিমেল হয়ে যান। ব্যাটসম্যানদের দিকে তেড়েফুঁড়ে যেতে পারেননি। সফল না হওয়ায় ম্যাচসেরাও হতে পারেননি কখনো।বোলারদের ঘুম হারামের ওষুধের নাম না হয় শেবাগ, শহীদ আফ্রিদিরা। তবে ব্যাটসম্যানদেরও ঘুম হারাম করার পাল্টা ওষুধ আছে। মুত্তিয়া মুরালিধরন, ড্যানিয়েল ভেট্টোরি। ঘূর্ণি বলের জাদুকর একেকজন। লেগ স্পিন, অফ স্পিন, দুসরা দিয়ে কত রাঘববোয়ালকে বোকা বানিয়েছেন তার ইয়ত্তা নেই। হিসাব নেই কত ম্যাচ জিতিয়েছেন। তবে একটি অসুন্দর হিসাব ঠিকই আছে, ত্রিমূর্তির কেউই এর আগে নকআউট পর্বে ম্যাচসেরা হতে পারেননি।ক্রিকেটের মহা ক্যানভাসে জ্বলজ্বল করা ধ্রুবতারাদের আরও অনেকেই আছেন, যাঁরা বিশ্বকাপের নকআউট পর্বে জ্বলে উঠতে পারেননি। সেই তালিকায় আছেন সুনীল গাভাস্কার, জাভেদ মিয়াঁদাদ, ডিন জোনস, মার্টিন ক্রোরা।তবে পাদপ্রদীপের উজ্জ্বল আলোর নিচে না থেকেও বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন মহিন্দর অমরনাথ, নবজোত সিং সিধু, আলভিন কালিচরণ, ডেভিড বুন, গ্রায়েম হিকরা। তাঁদের নিয়ে সমর্থকদের স্মৃতির পাতায় ধুলো পড়লেও ইতিহাসের পাতায় ঠিকই দাগ দিয়ে রেখেছেন তাঁরা।গত নয়টি বিশ্বকাপের নকআউট পর্বে সর্বমোট ৩১টি ম্যাচ হয়েছে। সব মিলিয়ে ২৬ জন ম্যাচসেরার মুকুট মাথায় তুলেছেন। এঁদের মধ্যে ব্যাটসম্যানরা সেরার পুরস্কার পেয়েছেন ১৯ বার, বোলাররা সাতবার এবং পাঁচবার অলরাউন্ডাররা। সবচেয়ে বেশি ১০টি ম্যাচসেরার পুরস্কার উঠেছে অস্ট্রেলীয় ক্রিকেটারদের হাতে। এ পর্যন্ত ছয়জন বিশেষজ্ঞ বোলার ম্যাচসেরা হলেও তাতে ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের নাম ওঠেনি। দল হিসেবে শ্রীলঙ্কা চারটি ম্যাচসেরার পুরস্কার জিতেছে, তবে কোনো বিশেষজ্ঞ বোলারের ভাগ্যে এটি জোটেনি। যদিও পাকিস্তানের তিনটি পুরস্কারের একটি পেয়েছেন একজন বিশেষজ্ঞ বোলার, একজন ব্যাটসম্যান, আর একজন অলরাউন্ডার।পরাজিত দলের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ হতে পারাটা ভাগ্যের ব্যাপার। ওই ৩১টি ম্যাচের সেরাদের কাউকেই পরাজয়ের গ্লানি ছোঁয়নি।আট দলের মহাতারকারা কোয়ার্টার ফাইনাল থেকেই হয়তো এবার নিজেদের সর্বোচ্চ ঔজ্জ্বল্যে মেলে ধরবেন, ম্যাচের সেরা খেলোয়াড়ের মালাটা পরবেন গলায়। ওয়েবসাইট।