নকল ওষুধ জব্দ, একজনকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় পাটুয়াটুলীর এক বাসা থেকে আজ শনিবার নকল ওরস্যালাইন ও ওষুধ তৈরির উপকরণ এবং বিভিন্ন ওষুধের মোড়ক জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় একজনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব এ অভিযান চালায়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নকল ওরস্যালাইন, শক্তিবর্ধক ও যৌন উত্তেজক নকল ওষুধ উত্পাদন ও বিপণনের দায়ে এম এ বারেক নামের একজনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ও এক লাখ টাকা জরিমানা করেছেন। প্রথম আলো ডটকমকে দেওয়া ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার ভাষ্য, এম এ বারেক আগে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে তিনি ওষুধ তৈরির পদ্ধতি শেখেন। পরে ওই চাকরি ছেড়ে ২০১০ সাল থেকে ভেজাল ওষুধ তৈরি শুরু করেন। আনোয়ার পাশার আরও জানান, এম এ বারেক তাঁর ভিজিটিং কার্ডে এমবিবিএস, শিশুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস রোগের প্রশিক্ষণপ্রাপ্ত প্রভৃতি ডিগ্রি ব্যবহার করতেন। দক্ষিণ কেরানীগঞ্জে একটি ক্লিনিক আছে বলেও তিনি জানিয়েছেন। এম এ বারেক মিটফোর্ডের বিভিন্ন ওষুধের দোকানে ওষুধ সরবরাহ করতেন বলে তিনি জানান।