নকল ওষুধ তৈরির অভিযোগে মালিককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে পোলট্রির জন্য ওষুধ ও রাসায়নিক দ্রব্য তৈরির নকল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের নকল ওষুধ ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে। এ সময় কারখানার মালিক মানিক রায়কে (৪২) পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালতের বিচারক কিশোরগঞ্জের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল মাসুদ কারখানার মালিককে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, কিশোরগঞ্জ থানার অদূরে খড়মপট্টি এলাকায় একটি বাড়িতে অবৈধভাবে অনেক দিন ধরে পোলট্রির নকল ওষুধ, রাসায়নিক পদার্থ, গ্লুকোজ, পটাশিয়াম, মিনারেল, ব্লিচিং পাউডার, ভিটামিনসহ বিভিন্ন ওষুধ ও কেমিক্যাল তৈরি করা হচ্ছিল। সেখান থেকে একটি ভ্যানে করে আজ এসব ওষুধ বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ওই কারখানা থেকে বিপুল পরিমাণ মালামালসহ মালিক মানিক রায়কে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এ সাজা দেওয়া হয়। একই সঙ্গে কারখানা থেকে জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নষ্ট করার আদেশ দেন।বিকেলে মানিক রায়কে জেলা কারাগারে পাঠানো হয়।