নকল প্রসাধনী বাজারজাত করার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি নামিদামি কোম্পানির নকল প্রসাধনী বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত আজ রোববার পুরান ঢাকায় মৌলভীবাজারের পাঁচ ব্যবসায়ীকে আট লাখ টাকা জরিমানা করেছেন।আদালত সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার মৌলভীবাজারে তাজমহল টাওয়ার নামক একটি প্রসাধনীর মার্কেটে অভিযান চালান। আদালত ওই মার্কেটের ফাতেমা ট্রেডিং, তাজুমা এন্টারপ্রাইজ, মেসার্স রনি এন্টারপ্রাইজ, মেসার্স আমিন ট্রেডিং ও সিয়াম করপোরেশনে ভারতীয় নকল ফেয়ার অ্যান্ড লাভলি, সেনসোডাইন টুথপেস্ট, ওলে ক্রিমসহ নানা প্রসাধনী দেখতে পান।ব্যবসায়ীরা দাবি করেন, এসব পণ্য চীন থেকে আমদানি করা। তাঁরা আমদানিকারকের কাছ থেকে কিনেছেন। তবে কার কাছ থেকে কেনা হয়েছে, সে সংক্রান্ত ক্রয়-রসিদ তাঁরা দেখাতে ব্যর্থ হন।নকল প্রসাধনী বিক্রির দায়ে আদালত তাজুমা এন্টারপ্রাইজ, ফাতেমা ট্রেডিং ও মেসার্স আমিন ট্রেডিংকে দুই লাখ টাকা করে এবং মেসার্স রনি এন্টারপ্রাইজ ও সিয়াম করপোরেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, এসব পণ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। নিম্নমানের এসব প্রসাধনী ব্যবহারে লোকজন ত্বকের নানা রোগে আক্রান্ত হতে পারে।আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন সাংবাদিকদের বলেন, নামিদামি কোম্পানির নকল প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখান থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যমানের প্রসাধনী জব্দ করা হয়।বিএসটিআই, র‌্যাব-২, চকবাজার থানা পুলিশ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।