নকলবাজদের কেন্দ্রে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যারা নকল করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের পরীক্ষার হলে আসার দরকার নেই। আর এটাও সত্য, কোথাও কোথাও শিক্ষক ও সরকারি কর্মচারীও নকলের সঙ্গে জড়িয়ে পড়েন। যদি এটা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।’ একটি শিক্ষানীতি প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান।আজ রোববার দুপুরে শিক্ষামন্ত্রী চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জেলা প্রশাসন, বোর্ডের কর্মকর্তা, শিক্ষক ও পুলিশ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে শতভাগ নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়। বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামপদ দে, জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত, প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান বক্তব্য দেন।শিক্ষামন্ত্রী বলেন, শতভাগ নকলমুক্ত পরীক্ষার পাশাপাশি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র, শিক্ষক ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এতে যদি কেউ ব্যর্থ হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত, গতিশীল ও দক্ষ শিক্ষা প্রশাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এর দায় সবাইকে নিতে হবে। আমিও জবাবদিহি করতে বাধ্য।’শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতেই দিতে হবে। আর তাদেরকে সত্, শিক্ষিত, নৈতিক চরিত্রবান, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকসমাজ ও আমাদের নিতে হবে।’ তিনি বলেন, কোনো কোনো স্কুল ৩০ জন পরীক্ষার্থী দিয়ে বলে আমরা শতভাগ পাস করেছি। কিন্তু এটা চলবে না। নবম শ্রেণীতে ওই স্কুলে কতজন ছাত্র ছিল সেটাও দেখা হবে।’ প্রাথমিকে ৪৮ জন ও মাধ্যমিকে ৪২ জন শিক্ষার্থী ঝরে পড়ে বলে তিনি জানান।প্রসঙ্গত, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় এবার চট্টগ্রাম বোর্ডে ৬৮ হাজার ৫১০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। চট্টগ্রামে বোর্ডে এবার মোট ১৪০টি কেন্দ্র রয়েছে। পর্যবেক্ষক দল থাকবে ৫৫টি।