নকলের দাপটে আসল চেনা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিকের বাংলা ও ইংরেজি বই দুটি বিক্রির জন্য প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু এসব বই নকল করে বিক্রি করা হচ্ছে। একশ্রেণীর অসাধু প্রকাশক ও ব্যবসায়ী এনসিটিবির নাম ব্যবহার করে নকল বই ছেপে তা বাজারে ছেড়েছেন।শুধু বই নকল ছেপেই অসাধু প্রকাশকেরা ক্ষান্ত হননি, তাঁরা এনসিটিবির নির্ধারিত মূল্য পর্যন্ত মানছেন না। এনসিটিবির দাম অনুযায়ী বাংলা বই ৪৬ টাকা আর ইংরেজি বই ৭৮ টাকায় বিক্রির কথা। অথচ বাংলার নকল বইটি বিক্রি হচ্ছে ৭০ টাকায় আর ইংরেজি বইটি ৯৮ টাকায়। আসল বইয়ের সঙ্গে নকল বইয়ের বিষয়বস্তুতেও কিছু গরমিল রয়েছে। নাম উল্লেখ না করা একটি প্রকাশনীর বাংলা বিষয়ের নকল বইয়ে একটি গদ্য বেশি ছাপা হয়েছে।জানা যায়, নকল বইয়ের দাপটে এনসিটিবির আসল বই কম বিক্রি হচ্ছে। এতে করে বই বিক্রির মাধ্যমে কয়েক কোটি টাকা আয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এনসিটিবির কর্মকর্তারা জানান, তাঁদের কাছে এখন পর্যন্ত বাংলা বই ছাপা আছে এক লাখ ৬৬ হাজার ৬৩৪ কপি। ইংরেজি বই আছে এক লাখ ৫৪ হাজার ৯৭৪ কপি। কিন্তু সেগুলোই এখন পর্যন্ত বিক্রি করা যাচ্ছে না। যে কারণে লোকসানের আশঙ্কায় নতুন করে এসব বই ছাপানো হচ্ছে না। কর্মকর্তারা জানান, বইয়ের কোনো পরিবর্তন না হওয়ায় মজুদ থাকা বই-ই বিক্রি করছেন তাঁরা।এবার কেবল আট বোর্ডের এসএসসিতেই উত্তীর্ণ হয়েছে আট লাখ ১০ হাজারের বেশি শিক্ষার্থী। এর বাইরে মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আছে। এরা প্রায় সবাই একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং হবে। সবারই এই দুটি বই লাগবে। অনেকে পুরোনো বই সংগ্রহ করলেও বেশির ভাগই নতুন বই কিনছে। এতে এনসিটিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষার্থীরাও হচ্ছে প্রতারিত।এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন বই নকল হওয়ার কথা স্বীকার করে এনসিটিবির ছাপা আসল বইটি কেনার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নকল বইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। আসল বই বিক্রির বিষয়ে এনসিটিবি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বলেও জানান চেয়ারম্যান।২ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা এখন বই কিনছে। এই সুযোগে কিছুদিন ধরে বাংলাবাজারকেন্দ্রিক একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বই দুটি নকল করে বিক্রি করছেন।গত বৃহস্পতিবার রাজধানীর নীলক্ষেত এলাকার বাবুপুরা মার্কেটে গিয়ে দেখা যায়, হরতালেও কিছু বইয়ের দোকান খোলা। ক্রেতা সেজে বুক গ্যালারি নামে একটি বইয়ের দোকানে গিয়ে উচ্চমাধ্যমিকের বাংলা ও ইংরেজি বই চাইলে দুটি বই দেওয়া হয়। এর মধ্যে উচ্চমাধ্যমিক বাংলা সংকলন নামে বইয়ের দাম লেখা ৭০ টাকা ৮০ পয়সা। আর ইংলিশ ফর টুডে নামে ইংরেজি বইয়ের দাম চাওয়া হয় ৭৮ টাকা।পরে এই দোকানে না কিনে কয়েকটি দোকান পার হয়ে শুভ বুক সেন্টারে গিয়ে দেখা যায় ইংরেজি বইয়ের দাম লেখা আছে ৯৮ টাকা। ‘পাশের দোকানে ৭৮ টাকা আর আপনাদের দোকানে ৯৮ টাকা কেন?’—এ কথা জানতে চাওয়া হয় দোকানির কাছে। তাঁর জবাব, ‘ওই দোকানের বইটি গতবারের, তাই দাম কম। আমার বইটি নতুন।’ পরে ৯৮ টাকা দিয়েই বইটি কেনা হয়।তবে বাংলা বইটি না কিনে বইয়ের দেশ নামে আরেকটি দোকানে গিয়ে তুলনামূলক ছোট আকারের একটি বই পাওয়া যায়। তাতে লেখা উচ্চমাধ্যমিক সৃজনশীল বাংলা সংকলন। অন্য দোকানে বড় আকারের বই আর আপনার দোকানের বইটি ছোট আকারের কেন জানতে চাইলে দোকানির জবাব, ‘এটা নতুন বই। আগের বইয়ের আকার ছিল বড়।’ কেনার জন্য দাম জিজ্ঞাসা করলে দোকানি জানান, বোর্ডের বই। কমে দেওয়া যাবে না। ৭০ টাকাই লাগবে (বইয়ের গায়ে ৭০ টাকা লেখা)। পরে দামাদামি করে ৬০ টাকায় বইটি কেনা হয়।নীলক্ষেত থেকে বই দুটি কিনে মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে গিয়ে সচিব ব্রজগোপাল ভৌমিককে দেখালে তিনি তাঁদের আসল বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে বলেন, ‘অবশ্যই বইগুলো নকল। তা ছাড়া এনসিটিবি এবার বইয়ের কোনো দামও বাড়ায়নি।’পর্যালোচনায় দেখা যায়, আসল বই ও নকল বইয়ের দামে যেমন পার্থক্য আছে, তেমনি বইয়ের রংসহ বিষয়বস্তুতেও অমিল রয়েছে। বাংলায় একটি ছোট আকারে (সাইজ) এবং আরেকটি এনসিটিবির বইয়ের আকারে নকল বই বিক্রি হচ্ছে। বাংলা আসল বইয়ে গদ্য আছে ১১টি। আর নকল ছোট আকারের বইটিতে গদ্য আছে ১২টি। খালেদ হোসাইনের লেখা ‘কালো ছায়া মুছে যাক’ নামে নতুন একটি গদ্য এই বইয়ে জুড়ে দেওয়া হয়েছে।এই রহস্যের ব্যাখ্যা করে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন বলেন, নতুন এই গদ্যটি অনুমোদিত নয়। ভাবা হচ্ছিল, এ রকম একটি গল্প এবার যোগ করা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ওই গল্পটি অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ধরেই নিয়েছিলেন যে গদ্যটি যোগ হচ্ছে। এ জন্য তাঁরা আগেই গদ্যটি সংযুক্ত করে বই ছেপে বিক্রি করছেন। এদিকে অভিভাবক ও শিক্ষার্থীরা আসল ভেবে এসব নকল বই কিনছে।অভিযোগ রয়েছে, এনসিটিবির পর্যাপ্ত বই না ছাপার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে এনসিটিবির চেয়ারম্যান বলেন, ‘বইয়ের সংকট নেই। আমাদের কাছে থাকা বইগুলো বিক্রির শেষ পর্যায়ে নতুন বই ছাপা হবে। বই থাকা অবস্থায় নতুন করে বই ছাপলে অপচয় হবে বলে চেয়ারম্যান উল্লেখ করেন।