নকশা অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চলছে তিন বহুতল ভবনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে সিটি করপোরেশনের তিনটি বহুতল বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে প্রায় ২১ মাস আগে। কিন্তু ভবন তিনটির নকশা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এখনো অনুমোদন করেনি। নকশাগুলোতে থাকা ত্রুটি সংশোধনের জন্য আরডিএ বছর খানেক আগে সংশ্লিষ্টদের চিঠি দিয়েও সাড়া পায়নি।নির্মাণাধীন ভবন তিনটি হলো সিটি সেন্টার, দারুচিনি প্লাজা ও স্বপ্নচূড়া প্লাজা। সোনাদীঘির মোড়ে রাজশাহী সিটি করপোরেশনের পুরোনো ভবনের জায়গায় নির্মাণাধীন সিটি সেন্টার ১৬ তলা হওয়ার কথা। দারুচিনি প্লাজা নির্মিত হচ্ছে নিউমার্কেটের পাশে এবং স্বপ্নচূড়া হচ্ছে নগর ভবনের পাশে। এ দুটি ভবন আটতলা করে হওয়ার কথা। ইতিমধ্যে সিটি সেন্টারের ১০ শতাংশ এবং দারুচিনি ও স্বপ্নচূড়া প্লাজার ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান।সিটি সেন্টারের নির্মাণকাজ উদ্বোধন হয় ২০০৯ সালের ১০ অক্টোবর। ৩৬ মাসে এর নির্মাণকাজ শেষ করার কথা। এই ভবনের নির্মাণকাজের ঠিকাদার রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। অপর দুটি ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান শামসুজ্জামান জেভি। এ দুটির কাজও প্রায় একই সময়ে শুরু হয় এবং নির্মাণকাজ শেষ হওয়ার কথা ২৪ মাসে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিটি সেন্টার ভাড়া দেওয়া হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে। এতে শপিং মল, ব্যাংক, সিনেপ্লেক্স, রেস্তোরাঁ ইত্যাদি থাকবে। চুক্তি অনুযায়ী সিটি সেন্টারের পাশে মসজিদ, হাঁটার পথ, আইটি লাইব্রেরি এবং সোনাদীঘির পাড়ের বর্তমান দোকানগুলোর পুনর্বাসনের কাজও করার কথা এনা প্রপার্টিজের। ৩১ কাঠা জমির ওপর নির্মাণাধীন স্বপ্নচূড়া প্লাজা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হবে এবং ৬৭ দশমিক ৫ কাঠা জমির ওপর নির্মাণাধীন দারুচিনি প্লাজায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু অ্যাপার্টমেন্ট থাকবে।আরডিএ জানায়, ভবনগুলো সাততলার বেশি উঁচু হওয়ায় জাতীয় ইমারত নির্মাণবিধি অনুযায়ী এগুলোর স্থাপত্য নকশার মতো কাঠামো নকশাও অনুমোদন করাতে হবে। কিন্তু এ তিন ভবনের কেবল স্থাপত্য নকশা আরডিএতে জমা দেওয়া হয় ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে।আরডিএ সূত্র জানায়, ১৬ তলাবিশিষ্ট সিটি সেন্টার নির্মাণের জন্য রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে এনা প্রপার্টিজের চুক্তি হলেও অনুমোদনের জন্য আরডিএতে স্থাপত্য নকশা জমা দেওয়া হয় ১৮ তলার। নকশায় জরুরি নির্গমন পথ নেই। অগ্নিনির্বাপণ দপ্তরের অনাপত্তিপত্র বা বাংলাদেশ সিভিল এভিয়েশনের অনুমতিপত্রও জমা দেওয়া হয়নি। অনুমোদনের জন্য জমা দেওয়া দারুচিনি এবং স্বপ্নচূড়া প্লাজার স্থাপত্য নকশার কোনোটিতে জমির পরিমাণ, মৌজা ও দাগ নম্বর উল্লেখ করা হয়নি।স্বপ্নচূড়া প্লাজা যে জমিতে নির্মিত হচ্ছে, কাগজপত্রে ওই জমি এখনো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বলে জানান অধিদপ্তরের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দিন। তিনি বলেন, সিটি করপোরেশন মন্ত্রণালয়ের মাধ্যমে ওই জমির মালিকানা পরিবর্তন করছে বলে তিনি শুনেছেন। তাঁরা এখনো কোনো কাগজপত্র পাননি।যোগাযোগ করা হলে আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ জানান, সিটি করপোরেশনের ওই ভবন তিনটির স্থাপত্য নকশায় ত্রুটি ছিল। তা সংশোধনের জন্য গত বছরের ১৫ মার্চ ও ১৫ জুলাই সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হলেও এখনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, ‘জাতীয় ভবন নির্মাণবিধি অনুযায়ী সিটি সেন্টারের নকশা তৈরি করা হয়নি। অপর দুটি ভবনের নকশায় জমির পরিমাণ, দাগ নম্বর ও মৌজা উল্লেখ করা হয়নি। এ জন্য নকশাগুলো অনুমোদন করা সম্ভব হয়নি। এ ছাড়া কোনোটিরই কাঠামো নকশা দেওয়া হয়নি।’আবুল কালাম আজাদ বলেন, নকশা অনুমোদন ছাড়াই নির্মাণকাজ করা হলে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ স্থাপনা ভেঙে দিতে পারে অথবা জরিমানা করতে পারে।রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক জানান, সিটি সেন্টার প্রথমে ১৮ তলা করার কথা ছিল। সে জন্য ১৮ তলার নকশা জমা দেওয়া হয়। পরে ১৬ তলা করার সিদ্ধান্ত হওয়ায় এমনিতেই অতিরিক্ত দুই তলা বাদ যাবে। তিনি জানান, সিটি সেন্টারের কাঠামো নকশা চূড়ান্ত হয়েছে। অল্প দিনের মধ্যেই তা জমা দেওয়া হবে।আশরাফুল হক জানান, যে দুটি জমিতে স্বপ্নচূড়া ও দারুচিনি প্লাজা নির্মিত হচ্ছে, তার মালিক সিটি করপোরেশন। স্বপ্নচূড়ার জমির মালিকানা হস্তান্তর হয়েছে। আরডিএর চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে দেরি হচ্ছে।স্বপ্নচূড়া এবং দারুচিনি প্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠান শামসুজ্জামান জেভির স্বত্বাধিকারী শামসুজ্জামান বলেন, ‘ভবন দুটির নকশা অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে, এটুকুই জানি। জমির কাগজপত্র ঠিক আছে কি না, সে বিষয়ে কিছু জানি না।’এনা প্রপার্টিজের স্বত্বাধিকারী সাংসদ এনামুল হক জানান, তাঁর জানা মতে সিটি সেন্টারের নকশা অনুমোদন করা হয়েছে। ওই নকশা এখনো অনুমোদন হয়নি বলে জানালে তিনি এ ব্যাপারে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বর্তমানে বিদেশে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি। প্যানেল মেয়র শরিফুল ইসলামের কাছে নির্মাণাধীন ভবন তিনটির বিষয়ে জানতে চাইলে গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার জানা মতে সব ধরনের নিয়ম মেনেই কাজ করা হচ্ছে।’