নকশা বদল করে ভবন নির্মাণ করায় এস্টেটিক প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।নকশা বদল করে সাততলা ভবনে অতিরিক্ত এক হাজার ৪০০ বর্গফুট বাড়তি জায়গা যুক্ত করা হয়েছে—এ অপরাধে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এস্টেটিক প্রপার্টিজের চেয়ারম্যান কামরুজ্জামান খানকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন ভ্রাম্যমাণ আদালত।ইমারত নির্মাণ আইন ও রাজউকের ভ্রাম্যমাণ আদালতকে দেওয়া বিশেষ ক্ষমতাবলে এই সাজা দেওয়া হয়েছে। বিশেষ ক্ষমতা অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নকশা লঙ্ঘনকারীকে ঘটনাস্থল থেকেই দুই বছরের কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা করতে পারেন। গতকালের অভিযানে ম্যাজিস্ট্রেট ছিলেন শহীদুল ইসলাম ভূঁইয়া ও রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান।গতকাল দুপুরে রাজউকের ভ্রাম্যমাণ আদালত লালমাটিয়া ‘এ’ ব্লকের ৫/৭-এ নম্বর প্লটে অভিযান চালায়। এস্টেটিক প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড সেখানে এই সাততলা ভবন নির্মাণ করেছে। নির্মাণের সময় অনুমোদিত নকশা বদল করে ভবনের একদিকে রাস্তার জন্য নির্ধারিত দশমিক ৫০ মিটার জায়গায় স্থাপনার ভেতরে নিয়ে আসা হয়েছে। বাকি তিনদিকেও রাজউকের নিয়মানুযায়ী নির্ধারিত জায়গা ছাড়া হয়নি।রাজউক সূত্র জানায়, নকশা ও আইন লঙ্ঘন করে ভবনে মোট এক হাজার ৪০০ বর্গফুট জায়গা বাড়তি ব্যবহার করা হয়। বর্তমান বাজারমূল্যে যার দাম এক কোটি টাকারও বেশি।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা গত সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ইমারত নির্মাণ আইন প্রয়োগ ও বিশেষ ক্ষমতার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গ্রেপ্তার করা কামরুজ্জামান খানকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে।