নকশা লঙ্ঘন করে আটতলা করা হয়েছে আদেল প্লাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়া হাউজিং এস্টেটের এ-ব্লকের ১/১ নম্বর প্লটে নির্মিত হয়েছে আটতলা ভবন আদেল প্লাজা। রাজউক বলেছে, নকশা লঙ্ঘন করে ভবনটি আটতলা করা হয়েছে। ২০০০ সালে এর ছয়তলার নকশার অনুমোদনই বাতিল করা হয়েছিল। নয়তলা করার অনুমোদন আছে মর্মে ভবন মালিকের দেওয়া চিঠিতে উল্লেখ করা স্মারক নম্বরটি জালিয়াতির মাধ্যমে সৃষ্ট।ওই ভবনের মালিক জাতীয় পার্টির সাবেক সাংসদ জাহাঙ্গীর মো. আদেল। তিনি দাবি করেন, সংশোধিত নকশায় রাজউক থেকে ১০ তলার অনুমোদন নিয়েছেন। নকশা জাল করেননি।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নথি ও সূত্র থেকে জানা গেছে, আদেল ওই প্লটে চারতলা ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন নিয়েছিলেন ১৯৭৫ সালের ৯ আগস্ট (স্মারক নম্বর ৩সি-২২০৩/৭৫/৪৪২৩)। ১৯৭৮ সালের ২৭ মার্চ তিনি নকশা সংশোধন করে ছয়তলার অনুমোদন নেন। ১৯৯৪ সালের ১১ জুলাই নকশা সংশোধন করে নয়তলা আবাসিক ও বাণিজ্যিক ভবন করার অনুমোদনের জন্য তিনি অগ্রণী ব্যাংকের রাজউক শাখায় তিন হাজার টাকা জমা দেন। তবে তৎকালীন অথরাইজড কর্মকর্তা নয়তলা করার অনুমোদন দেননি। কারণ, ছয়তলা পর্যন্ত নির্মাণে আগের নকশা লঙ্ঘন করা হয়েছিল। এ জন্য নকশা-বহির্ভূত অংশ ভাঙার নোটিশও দেওয়া হয়। ওই অংশ না ভাঙায় ছয়তলার নকশা (আর ৩সি-৯৫৫/৭৮) বাতিল করা হয়। এই বাতিলপত্রের ইস্যু নম্বর রাজউক/নঅঅ/২সি-১৪৪/৯৪/৪৭৩-তারিখ-১৫.০৫.২০০০।সূত্র আরও জানায়, এই বাতিল আদেশের বিরুদ্ধে আদেল ২০০১ সালের ১৩ জুন রাজউকের আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২ জুলাই শুনানির জন্য তাঁকে রাজউকের চেয়ারম্যানের কক্ষে সভায় ডাকা হয়। তবে আদেল লিখিতভাবে জানান, তিনি অসুস্থ থাকায় সভায় থাকতে পারবেন না। এরপর বিষয়টি চাপা পড়ে যায়।রাজউক জানায়, গত বছরের ৪ জুলাই রাজউকের পরিদর্শক লালমাটিয়ায় গিয়ে দেখেন, ওই প্লটে সাততলার নির্মাণকাজ চলছে। সে সময় মালিককে সাততলার নকশা দাখিলের জন্য চিঠি দেওয়া হয়। তা না করায় গত বছরের ২৯ জুলাই তাঁকে কারণ দর্শাতে বলা হয়। ৭ অক্টোবর ছয়তলার নকশা-বহির্ভূত অংশ অপসারণের জন্য তাঁকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। ২২ ডিসেম্বর নিচতলায় গাড়ি রাখার স্থানের বাণিজ্যিক ব্যবহার এবং সাততলায় নির্মিত তিন হাজার বর্গফুট অংশ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। অভিযান কর্মসূচির এক দিন আগে আদেল হাইকোর্টে রিট আবেদন করলে আদালত স্থিতাবস্থার নির্দেশ দেন; তবে এরপর ভবনটির আটতলা পর্যন্ত নির্মিত হয়েছে। ১৯৯৪ সালেও আদেল রিট করেছিলেন বলে নথি থেকে জানা গেছে।রাজউকে সংরক্ষিত নথি থেকে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর জাহাঙ্গীর মো. আদেল রাজউকের চেয়ারম্যান বরাবর দুটি চিঠি দেন। এর একটিতে তিনি জানান, তিনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন, আদেল প্লাজার অষ্টম তলা ২২ ডিসেম্বর ভেঙে ফেলা হবে। হার্টে অস্ত্রোপচারের জন্য তিনি নকশা দেখাতে পারছেন না। সুস্থ হয়ে তিনি ১৫ দিনের মধ্যে নকশা দাখিল করবেন। তা না পারলে ১৫ দিনের মধ্যে নিজ উদ্যোগ ও খরচে ওই অংশ ভেঙে ফেলবেন। চিঠির সঙ্গে এই মর্মে অঙ্গীকারনামাও দেন। কিন্তু এ চিঠির কয়েক ঘণ্টা পর অপর চিঠিতে তিনি নির্মিত অংশ অপসারণের জন্য ৭ অক্টোবর দেওয়া রাজউকের চূড়ান্ত নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আবেদন জানান। পরের চিঠিতে বলা হয়, ভবনটিকে ১০ তলা করতে ১৯৯৪ সালে তাঁর আবেদনের ভিত্তিতে রাজউক/৯অঅ/আর৩সি-১৯৬০/৯৪/৪২৯-স্থা: তারিখ-১২.০২.০১-এর আদেশবলে নয়তলা ভবন নির্মাণের অনুমতি ও নকশার অনুমোদন দেওয়া হয়।রাজউক জানায়, আদেলের চিঠিতে উল্লেখিত ওই নম্বরে (৪২৯) নকশা অনুমোদনের রেজিস্ট্রারে দেখা যায়, ওই ইস্যু নম্বরে একই তারিখে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি বরাবর একটি ভবনের নকশার অনুমোদনপত্র জারি হয়েছে। রাজউকের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ‘প্রতীয়মান হয় যে জাহাঙ্গীর মো. আদেলের উল্লেখিত স্মারক নম্বরটি সঠিক নয় এবং জালিয়াতির মাধ্যমে সৃষ্ট।’সম্প্রতি লালমাটিয়ায় গিয়ে দেখা গেছে, আদেল প্লাজার আটতলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, তবে সাত ও আটতলায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি।ভবনটির বিষয় নিষ্পত্তির লক্ষ্যে রাজউক সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ‘নগর উন্নয়ন কমিটি’র কাছে গত মে মাসে এর কাগজপত্র পেশ করে। কয়েক দিন আগে যোগাযোগ করা হলে কমিটির চেয়ারম্যান গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে জানান, নগর উন্নয়ন কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে, এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য রাজউকের অ্যাপিলেট উপ-কমিটিই কাজ করবে। সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে।নগর উন্নয়ন কমিটির সদস্যসচিব মো. নূরুল হুদা রাজউক ও অ্যাপিলেট উপ-কমিটির চেয়ারম্যান। তিনি জানান, বিষয়টি নিয়ে উপ-কমিটি কাজ করছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।উপ-কমিটির বেসরকারি সদস্য স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘এ ধরনের ভবনের বিষয়ে উপ-কমিটি কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ অবশ্যই করবে। ইমারত নির্মাণ আইনে উল্লেখ আছে, কোনো ভবন নকশার ব্যত্যয় ঘটালে ওই ভবনের বিদ্যুৎ-পানি-গ্যাসসহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আমরা এ ভবনের বিষয়ে এটি প্রয়োগের সুপারিশও করব।’ভবনটি সম্পর্কে ওঠা এসব অভিযোগ বিষয়ে জানতে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর মো. আদেলের কার্যালয়ে গেলে জানানো হয়, তিনি যানজটে আটকে আছেন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ভবনের জন্য তিনি কখনোই চারতলার অনুমোদন নেননি। ১৯৭৮ সালে ছয়তলার অনুমোদন নেওয়া হয়। ১৯৯৪ সালে ১০ তলার সংশোধিত নকশা অনুমোদিত হয়। রাজউকের কাছে বৈধ কাগজপত্রসহ ১০ তলার অনুমোদিত নকশা তিনি জমা দিয়েছেন। এ নকশা জাল নয়।সম্প্রতি মুঠোফোনে আবার যোগাযোগ করা হলে আদেল বলেন, ‘আমি নিজে আইনজীবী।’ আপনি এক সময়ে রাজউকের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন, আপনার বিরুদ্ধে নকশা লঙ্ঘনের অভিযোগ উঠেছে—এ কথা জানালে তিনি বলেন, ‘আমার ব্যারিস্টারের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’