নকশা লঙ্ঘন করে ১১ তলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশায় থাকলেও পেছনে সাড়ে তিন ফুট জায়গা না ছেড়েই নির্মাণ করা হয়েছে ১১ তলা ভবন এনা টাওয়ার-ডি-অলিও। এ ছাড়া ঝুলন্ত ছাদ করায় পেছনের রাস্তাটি সরু হয়ে গেছে। রাজধানীর রাসেল স্কয়ারের কাছে পান্থপথ এলাকায় নির্মিত হয়েছে এই ভবন।প্রায় ১০ কাঠা জমির ওপর নির্মিত এই ভবনের নির্মাতাপ্রতিষ্ঠান এনা প্রপার্টিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির অন্যতম মালিক রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হক। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভবনটি ছিল তিনতলা। সে সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়ে বাড়তি কিছু অংশ ভেঙেও দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ওই অংশসহ বাকি অংশের নির্মাণ শেষ হয়।ধানমন্ডি মৌজার ৫৭/৩ ও ৫৭/৪ নম্বর পান্থপথে (লেক সার্কাস) সুরাইয়া আক্তার চৌধুরী ও রওশন আক্তার চৌধুরীর মালিকানাধীন জায়গায় ভবনটি হয়েছে। ছয়তলা পর্যন্ত আস্তর দেওয়া হয়েছে। দোতলায় একটি সরকারি ও একটি বেসরকারি ব্যাংকের শাখা হয়েছে। তিনতলায় একটি বিদ্যুৎ কোম্পানির কার্যালয় হবে বলে জানা গেছে।ভবনের তত্ত্বাবধায়ক ও দারোয়ান মো. শহিদুল জানান, ভবনটির সামনের দিক বাণিজ্যিক এবং পেছনের দিক আবাসিক হিসেবে বিক্রি করা হচ্ছে। আবাসিক ফ্ল্যাট রয়েছে ১৬টি।ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১১ তলা ভবনটির স্থানে আগে চারটি বাড়ি ছিল। তখন সেখানে থাকা রাস্তা দিয়ে কলাবাগান ও লেক সার্কাসের দিক থেকে অল্প সময়ে পান্থপথে যাওয়া যেত, কিন্তু ভবনের নির্মাণকাজ শুরুর পর ওই রাস্তা প্রায় রুদ্ধ হয়ে যায়।রাজউকের নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, নকশায় ভবনের পেছনে সাড়ে তিন ফুট জায়গা খালি রাখার কথা ছিল, যা রাস্তা প্রশস্ত করার কাজে লাগবে। কিন্তু ওই জায়গা খালি না রেখে বরং ওপরে ঝুলন্ত ছাদ করে রাস্তাটি সরু ও ঝুঁকিপূর্ণ করা হয়েছে।লেক সার্কাস এলাকার বাসিন্দারা বলেন, নকশা পাশ কাটিয়ে ভবনটি হলেও নির্মাতাপ্রতিষ্ঠানের অন্যতম মালিক সরকারদলীয় সাংসদ হওয়ায় তাঁরা কিছু বলতে পারছেন না। রাজউকও কোনো অভিযান চালাচ্ছে না। তাঁদের অভিযোগ, এই ভবনের দেখাদেখি আরও একটি ভবনের মালিক রাস্তার দিকে জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা করেছেন। অন্য ভবনের মালিকেরা এতে উৎসাহিত হলে কিছু করার থাকবে না।২০০৮ সালের ২৩ জুন কয়েকজন বাসিন্দা ভবনটির বিষয়ে রাজউকে লিখিত অভিযোগ করেন। অভিযোগে ওই বছরের মে মাসে ভবনটিতে রাজউকের অভিযানের বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘এনার লোকজন বলে, “রাজউক তো আমাদের হাতের মুঠোয়। টাকাপয়সা দিলেই সব ঠিকঠাক।” এ কথা তো রাজউকের ভাবমূর্তি নষ্ট করে।’ লিখিত অভিযোগে বাসিন্দারা নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার এবং পাস করা নকশা অনুযায়ী যেন নির্মাণকাজ হয়, এর সুব্যবস্থা কামনা করেন।এ বিষয়ে জানতে কয়েক দিন আগে এনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সাংসদ এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হয়। নকশার ব্যতিক্রম করে ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি তা অস্বীকার করেন। পরে রাজউকের কাগজপত্র এবং এলাকাবাসীর লিখিত অভিযোগের বিষয়ে জানালে তিনি বলেন, ‘আমার ৪০টা প্রকল্প রয়েছে, কোনটার কী অবস্থা, তা আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়।’ সাংসদ হয়ে নকশার বাইরে ভবন নির্মাণের দায় তিনি এড়াতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্মাণের শুরুতে কিছু সমস্যা ছিল। কিন্তু রাজউকের কথা অনুযায়ী কাজ করে সেই সমস্যার সমাধান করা হয়েছে।তবে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সমস্যার সমাধান হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এনা প্রপার্টিজ নিজ উদ্যোগে নকশাবহির্ভূত বাকি অংশ ভেঙে ফেলার জন্য সময় নিয়েছিল, কিন্তু তা না করেই পরে ১১ তলা ভবন নির্মাণ করা হয়েছে।রাজউকের নথি পর্যালোচনা করে দেখা যায়, ২০০৭ সালের জুলাইয়ে ১১ তলা ভবনটির নকশা অনুমোদন করা হয়। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে পরিদর্শনে গিয়ে দেখেন, ভবনটির সামনের দিকে পান্থপথ প্রধান সড়কের কাছে প্রয়োজনীয় জায়গা ছাড়া হলেও পেছনে বা দক্ষিণ দিকে ছাড়া হয়নি। পেছনে ৪ দশমিক শূন্য ৭ মিটার জায়গার স্থলে রাখা হয়েছে শূন্য দশমিক ৯১ মিটার। পূর্বদিকে ২ দশমিক ৫০ মিটারের স্থলে জায়গা রাখা আছে ১ দশমিক ২৫ মিটার। পশ্চিমে ২ দশমিক ৫০ মিটারের স্থলে শূন্য দশমিক ৭৬ মিটার রাখা হয়েছে। এ ছাড়া নকশা ও নগর পরিকল্পনা শাখার ছাড়পত্রের শর্ত অনুযায়ী দক্ষিণে তিন ফুট ছয় ইঞ্চি জায়গা ছাড়া হয়নি।রাজউক জানায়, ২০০৮ সালের এপ্রিলে ভবনটির তিনতলা পর্যন্ত কাজ হয়। সে সময় রাজউকের অথরাইজড কর্মকর্তা-১-এর কার্যালয় থেকে প্রতিষ্ঠানকে দেওয়া চিঠিতে বলা হয়, অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ করে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করা হয়েছে। ওই বছরের ২৮ এপ্রিল প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। পরে ২০০৮ সালের ২৮ মে রাজউক অভিযান চালিয়ে নকশাবহির্ভূত কিছু অংশ ভেঙে দেয়। নকশাবহির্ভূত বাকি অংশ নির্মাতাপ্রতিষ্ঠানের ভেঙে দেওয়ার কথা ছিল। ওই বছরের ২৯ মে এনা প্রপার্টিজের ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল মান্নান সিদ্দিকী রাজউককে এক চিঠিতে জানান, তাঁরা নিজ দায়িত্বে ৬০ দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে দেবেন। কিন্তু তিন বছরেরও বেশি সময়ে তা ভাঙা হয়নি, বরং নকশা লঙ্ঘনের একই অবস্থা বজায় রেখে আরও আটতলা নির্মাণ করা হয়।নকশাবহির্ভূত অংশ ৬০ দিনের মধ্যে ভেঙে ফেলার কথা জানিয়েও না ভাঙা প্রসঙ্গে টেলিফোনে জানতে চাইলে গত সোমবার আবদুল মান্নান সিদ্দিকী বলেন, ‘এমপি সাহেব কথা বলার পর আমার তো আর কিছু বলার থাকে না।’ তাহলে আপনি কেন সই করে রাজউকে চিঠি দিয়েছিলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি অফিসে আসুন, সামনাসামনি বলব।’ এরপর অবশ্য তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলব না, এ কথাটি লিখে দিতে পারেন।’ওই জমির মালিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।এনা টাওয়ারের বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, ‘কোনো ভবনের কারণে রাস্তার সমস্যা হলে সেটি নির্মাণ করা যায় না। যদি নিজের জায়গাও হয়, তার পরও জনগণের জন্য রাস্তা ছেড়ে দিতে হয়।’ প্রয়োজনীয় জায়গা না ছাড়ায় রাজউক এখন কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ভবনটি নির্মাণের সময় তিনি রাজউকের চেয়ারম্যান ছিলেন না। এখন বিষয়টি জেনেছেন। আইন অনুযায়ীই কাজ করা হবে।