নকিয়া মুঠোফোনে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকা ও কম্পিউটারের পাশাপাশি এখন মুঠোফোনেও সহজে পড়া যাবে প্রথম আলো। কারণ প্রথম আলোর অ্যাপ্লিকেশন বা অ্যাপ যুক্ত হয়েছে নকিয়া স্টোরে। দেশের প্রথম বাংলা সংবাদপত্রের অ্যাপ্লিকেশন এটি। দামি স্মার্টফোনের পাশাপাশি ইন্টারনেট সুবিধাযুক্ত কম দামের নকিয়া মুঠোফোনেও এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে পড়া যাবে প্রথম আলোর সব সংবাদই।মুঠোফোনে prothom-alo.com/nokia এবং store.nokia.com/content/253728 লিখে ডাউনলোড করা যাবে প্রথম আলোর অ্যাপ্লিকেশনটি। মুঠোফোনে এই সেবা কার্যক্রমের কারিগরি সহযোগিতায় রয়েছে মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিনিউকেশন (এমসিসি)। আজ বুধবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ে এক অনুষ্ঠানে নকিয়ার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নকিয়া ইমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার আবু দাউদ খান বলেন, ‘প্রযুক্তি এখন অনেক বাধা অতিক্রম করতে সাহায্য করছে। যখনই ঘটনা ঘটছে, তখনই জানার আগ্রহ মানুষের। টেলিভিশন এ কাজটা করছে। কিন্তু মোবাইলেও মানুষ এটা জানতে চায়। আর তাই আমরা প্রথম আলোকে সঙ্গে নিয়ে এটা করেছি। নকিয়াকে সঙ্গে রাখার জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন কম দামের ইন্টারনেটযুক্ত যেকোনো নকিয়া ফোন থেকে প্রথম আলোর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে পড়া যাবে।’নকিয়ার কমিউনিকেশন ম্যানেজার রাহাত আহমেদ বলেন, আগে মোবাইলে বাংলা পত্রিকা পড়ার ব্যবস্থা করা হয়নি। মুঠোফোনে পত্রিকা পড়া শুরু হলো প্রথম আলোকে দিয়েই। তিনি গুলশান থেকে কারওয়ান বাজারে প্রথম আলোয় আসার পথে মুঠোফোনে প্রথম আলো অনলাইনের খবরের মধ্য দিয়ে শাহবাগের যানজটের অবস্থা জেনেছেন বলেও জানান।এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফ আবির জানান, ‘আমরা বাংলা ফন্টকে মোবাইলে ব্যবহারোপযোগী করেছি।’ গত তিন দিনের হিসাব দিয়ে তিনি বলেন, ‘পাঁচ হাজার ২৬ বার নকিয়া ফোনে প্রথম আলোর অ্যাপ্লিকেশন ডাউনলোড ও পড়া হয়েছে। আজ সকালে নকিয়া ফোনে প্রথম আলো পড়া হয়েছে দুই হাজার ৬০০ বার। আর প্রতি ঘণ্টায় প্রথম আলো পড়ছেন ৩০০ জন পাঠক।’ তবে এর জন্য কোনো বিজ্ঞাপন বা প্রচার চালানো হয়নি বলেই তিনি জানান। তিনি বলেন, আগে মোবাইলে বাংলা পড়া যেত না। এখন যায়। এর ফলে সারা বিশ্বের অর্ধ মিলিয়ন মানুষ মুঠোফোন নকিয়ায় প্রথম আলো পড়বে। নকিয়ায় এখন পড়া ও বাংলায় লেখা যাবে বলেও তিনি জানান।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মুঠোফোন নকিয়ায় প্রথম আলোর অ্যাপ্লিকেশন যুক্ত করার জন্য নকিয়া ও এমসিসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভালো কিছু করার তাগিদ থেকেই আমরা প্রথম আলো পত্রিকা শুরু করি। এখন বিশ্বে পরিবর্তন এসেছে। মানুষ শুধু আর কাগজে পত্রিকা পড়ছে না। পাশাপাশি মুঠোফোন, অনলাইনেও পড়ছে।’ তিনি বলেন, মুঠোফোন হলো তথ্যের সর্বশেষ উত্স। সব ধরনের পাঠক যাতে প্রথম আলো পড়তে পারে, সে জন্যই এ উদ্যোগ।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বার্তা সম্পাদক শাহেদ মুহম্মদ আলী, বিপণন ব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, ব্র্যান্ড ম্যানেজার অরূপ কুমার ঘোষ, আইটি বিভাগের প্রধান শাহ মো. হাফিজুর রহমান, নকিয়ার মার্কেটিং ম্যানেজার সৈয়দ মাহমুদুল হাসান, এমসিসিরি টিম লিডার মইনুল ইসলাম, সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর রেসি গোমেজ সফটওয়্যার ডেভেলপার জাবির হায়দার, মাহবুব মুকুল প্রমুখ।