নকুলার জামিন আবেদন বাতিল
এশিয়া ও আফ্রিকাজুড়ে ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী মুসলিমবিদ্বেষী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর নির্মাতা নকুলা বাসিল নকুলা ওরফে স্যাম বাসিলকে জামিন অযোগ্য আটকাদেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে সীমা লঙ্ঘনের আচরণের অভিযোগ আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর জেলা আদালতে এক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আজ শুক্রবার সিএনএন অনলাইন ও রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, প্রাথমিক জামিন শুনানির জন্য গতকাল লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে যান নকুলা। এ সময় তাঁর হাতে হাতকড়া ও কোমরে বেড়ি পরানো ছিল। জেলা আদালতের বিচারিক হাকিম সুজান সেগাল নকুলার জামিন আবেদন বাতিল করেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিবাদী পক্ষের প্রতি আদালতের সংশয় রয়েছে।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, নকুলার পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আদালতের সামনে প্রতারণামূলক আচরণ করছেন। নকুলা ওই চলচ্চিত্রের কলাকুশলীদের মিথ্যা বলে বিভ্রান্ত করেছেন বলেও অভিযোগ করেন তাঁরা। আইনজীবীরা নকুলার দুই বছরের কারাদণ্ডাদেশ চেয়েছেন। ব্যাংকবিষয়ক প্রতারণার দায়ে গত ২০১০ সালে নকুলা দোষী সাব্যস্ত হন এবং ২১ মাস করাভোগের পর পরবর্তী পাঁচ বছর পুলিশের নজরদারিতে থাকার শর্তে ছাড়া পান। অভিযোগ ছিল, নকুলা সামাজিক নিরাপত্তা কার্ড ব্যবহার করে ব্যাংকে ভুয়া হিসাব খোলার চেষ্টা করছিলেন। তাঁর কারাজীবনের বিভিন্ন নথি থেকে জানা গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া তাঁর ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ ছিল। কারাগার থেকে বের হওয়ার পর নকুলা পুলিশ কর্মকর্তাদের কড়া নজরদারিতে ছিলেন। চলচ্চিত্রটি নির্মাণের ক্ষেত্রে তিনি কোনো আইন লঙ্ঘন করেছেন কি না, তা নিয়ে এখন তদন্ত করছেন কর্মকর্তারা।