নগদ টাকার হাহাকার মুদ্রাবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগদ অর্থের জন্য আন্তব্যাংক মুদ্রাবাজারে হাহাকার তৈরি হয়েছে। ব্যাংকগুলো গতকাল বুধবার মুদ্রাবাজার থেকে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে (কলমানি) সর্বোচ্চ ১৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়েছে। এর ফলে মুদ্রাবাজারে লেনদেন হওয়া অর্থের সুদের হার কেবল বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব রেকর্ডগুলোর মধ্যেও ঢুকে পড়েছে।বিশেষজ্ঞরা অবশ্য বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপকে সমর্থন করছেন। তাঁরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংকগুলোর শেয়ারে বিনিয়োগ-ঝুঁকি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপ ঠিকই আছে। গতকাল এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বাংলাদেশ ব্যাংকের এসব পদক্ষেপের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। তবে মুদ্রাবাজারের অংশীদারেরা পরিস্থিতিকে তাঁদের জন্য অসহনীয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের তহবিল-সহায়তা বাড়ানোর দাবি তুলেছেন।দেশে উচ্চ মূল্যস্ফীতির প্রবণতায় অধিক অর্থপ্রবাহ যেন নতুন করে তা উসকে না দেয়, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে সংকোচনমূলক পদক্ষেপ নেয়। আর তাই গত ১ ডিসেম্বর ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার (স্টেটিউটরি লিক্যুইডিটি রেশিও বা এসএলআর) ও এর নগদ অংশ (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা সিআরআর) বৃদ্ধি করা হয়। এর প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল থেকে কার্যকর হওয়া এসএলআর হয়েছে ১৯ শতাংশ, যা আগে ছিল সাড়ে ১৮ শতাংশ। এই এসএলআরের মধ্যে সাড়ে ৫ শতাংশ ছিল সিআরআর, যা গতকাল থেকে হয়েছে ৬ শতাংশ।ফলে এখন থেকে ব্যাংকগুলোকে তাদের মোট তলবি ও মেয়াদি আমানতের ৬ শতাংশ হারে দ্বিসাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৫ শতাংশ হারে দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা করতে হবে। তবে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখাগুলোর জন্য সিআরআর সংরক্ষণ করতে হবে সাড়ে ১১ শতাংশ, যা আগে ছিল সাড়ে ১০ শতাংশ। ফলে দেশের ব্যাংকগুলো থেকে অন্তত অতিরিক্ত দুই হাজার কোটি টাকা চলে যাবে কেন্দ্রীয় ব্যাংকে, যা বাজারে সার্বিকভাবে ঋণযোগ্য অর্থ কমিয়ে দেবে। এর প্রভাবে ঋণ ও শেয়ারবাজারে অর্থপ্রবাহে খানিকটা ভাটা পড়বে, ঋণ ব্যয়বহুল হবে। আমানতের সুদ বাড়ানোর দিকেও যেতে হতে পারে ব্যাংকগুলোকে। কলমানি: মুদ্রাবাজারে গতকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সর্বনিম্ন ৮ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ১৭৫ শতাংশ বার্ষিক সুদ হারে কলমানি নিতে হয়েছে। তবে বেশির ভাগ লেনদেন হয়েছে ৫০ থেকে ১০০ শতাংশ সুদ হারে। আগের দিন অর্থাৎ মঙ্গলবার কলমানির সর্বোচ্চ সুদের হার ছিল ৬০ শতাংশ। এর আগে ২০০৬ সালে ৩০ মার্চ মুদ্রাবাজারে কলমানির সুদের হার সর্বোচ্চ ১৫০ শতাংশ পর্যন্ত উঠেছিল। সে সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই সুদের হার কমিয়ে পুনর্নির্ধারণ করতে প্ররোচিত করে। কিন্তু কয়েকটি ব্যাংক তখন জানিয়েছিল যে তাদের এই লেনদেন সফটওয়্যারে ঢুকে পড়েছে। তাই পুনর্নির্ধারণের সুযোগ নেই। সরকারের বাজেটীয় ব্যয় ও সম্পদের জোগানের মধ্যে সমন্বয়হীনতার কারণে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণের চাহিদা মেটাতে বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকের বড় অঙ্কের টাকা তুলে নেওয়া ও সিআরআর বৃদ্ধি করায় ওই অবস্থার সৃষ্টি হয়েছিল।আর এবার যখন বাড়তি তারল্যের প্রভাব আটকাতে সিআরআর বাড়িয়েছে, তখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে বিপুল পরিমাণ বিনিয়োগে জড়িয়ে রয়েছে।পরিস্থিতি বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও আইএমএফের সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘মূল্যস্ফীতি ও শেয়ারে বিনিয়োগ-ঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া এ পদক্ষেপ ঠিকই আছে। তবে তিনি এও বলেন, মুদ্রানীতির সম্প্রসারণমূলক অবস্থা আরও আগেই গুটিয়ে আনতে হতো।’একই ধরনের বক্তব্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে মুদ্রাবাজারের সঙ্গে সংশ্লিষ্ট শেয়ারবাজারের জন্য ইতিবাচক হবে। মধ্যমেয়াদেও নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতির প্রবণতাকে ঠেকানোর পদক্ষেপ প্রাসঙ্গিক হতে পারে।উল্লেখ্য, বাণিজ্যিক ব্যাংক থেকে শিল্পঋণসহ বিভিন্ন নামে ঋণ নিয়ে একশ্রেণীর ব্যবসায়ীর শেয়ারে খাটানো এবং শেয়ারবাজারে ব্যাংকের বিভিন্ন ধরনের ঋণ বিনিয়োগের সীমা কমিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেয়। দেবপ্রিয় ভট্টাচার্য এসব পদক্ষেপকে বিবেচনায় নিয়ে এ মত প্রকাশ করেন।সিআরআর সংরক্ষণ করতে গিয়ে কয়েক দিন ধরেই মুদ্রাবাজারে তারল্য সংকট তৈরি হয়। এর পাশাপাশি আজ বৃহস্পতিবার থেকে আগামী তিন দিন ব্যাংক ছুটি থাকার কারণে আমানতকারীদের অর্থ উঠিয়ে নেওয়ার চাপ ছিল গতকাল। অন্যদিকে, সম্প্রতি আমদানি বৃদ্ধির গতি তৈরি হওয়ায় আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বাড়ে। টাকা দিয়েই ডলার কিনতে হয় বলে নগদ অর্থের চাহিদা আরও তীব্রতা পায়। গতকাল মুদ্রাবাজারে প্রতি ডলার লেনদেন হয়েছে ৭০ দশমিক ৬৫ টাকা থেকে ৭০ দশমিক ৬৯ টাকায়, যা আগের দিনের চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারক পর্যায়ের একজন কর্মকর্তা অবশ্য বলেছেন, মুদ্রাবাজারের এই অবস্থা সাময়িক, যা দু-এক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক গতকালও ট্রেজারি বিল জমা রেখে রেপোর মাধ্যমে ২৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দুই হাজার ১৫৫ কোটি টাকা সুদে জোগান দিয়েছে। অন্যদিকে, ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তিন হাজার ৮৯৯ কোটি টাকার তারল্য-সহায়তা দেওয়া হয়েছে। রেপো ও তারল্য-সহায়তার সুদের হার ছিল সাড়ে ৫ শতাংশ। তবে রেপোতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাহিদার মাত্র ২০ শতাংশ ও তারল্য-সহায়তার চাহিদার বিপরীতে ২৫ শতাংশ অর্থ জোগান দেওয়া হয়েছে। এদিকে মুদ্রাবাজারের তারল্য সংকট ইতিমধ্যে দেশের পুঁজিবাজারকে বেশ খানিকটা প্রভাবিত করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় ২৮৭ কোটি টাকা কমেছে। অবশ্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু ব্যাংকে নগদ অর্থের সংকটেই শেয়ারবাজারে লেনদেন কমেছে তা নয়, এর পেছনে অন্যান্য কারণও রয়েছে। সূত্রগুলো বলছে, গতকাল বেশির ভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কলমানি নিতে চেয়েছে। তবে কয়েকটি ব্যাংক সকালে কলমানি নিয়ে আবার শেষ বেলায় অন্যকেও ধার দিয়েছে। জানা যায়, বেসরকারি একটি ব্যাংক সকালে অন্য একটি ব্যাংক থেকে ৫০ শতাংশের কম সুদে অর্থ ধার করে বিকেলে ১৭৫ শতাংশ বা সর্বোচ্চ সুদে অর্থ খাটায়।বিশ্লেষকেরা বলছেন, গতকাল মুদ্রাবাজার ছিল ক্রেতার বাজার। অর্থাৎ সিংহভাগ ব্যাংকই টাকা ধার করতে চেয়েছে। আর উল্টো চিত্র ছিল শেয়ারবাজারে। এখানে ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি ছিল। তাই ডিএসইর মূল্যসূচক কমেছে ১৪৯ পয়েন্ট।