আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের জাবেদ নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, কাল রোববার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। নজরুল ইসলাম মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।একই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল হক ওরফে ডিউক। তিনি মেয়রবিরোধী বলে পরিচিত নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের ঘনিষ্ঠ। একইভাবে ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি মাহমুদের পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পিয়ার মোহাম্মদের নামও প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। হাসান মহিউদ্দিনবিরোধী অংশের অনুসারী এবং পিয়ার মহিউদ্দিনের সমর্থক।ওই দুই ওয়ার্ডের মতো সিটি করপোরেশনের বাকি ৩৯টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মেয়রপন্থী ও মেয়রবিরোধী অংশের প্রার্থী থাকার কথা শোনা যাচ্ছে। খোঁজ নিয়ে এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ আভাস পাওয়া গেছে। দলীয় নেতা-কর্মীরা মনে করছেন, নগর আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ আগামী ১৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডে বিস্তৃত হয়েছে। দলীয় সূত্র জানায়, মহিউদ্দিনবিরোধী অংশের নেতৃত্বে রয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও কোতোয়ালি আসনের সাংসদ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন। এই অংশটি গত বুধবার বর্ধিত সভা করে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনজনের নামের যে তালিকা কেন্দ্রে পাঠিয়েছে, তাতে মহিউদ্দিন চৌধুরীর নাম নেই। তারা ওয়ার্ডগুলোতেও কাউন্সিলর পদে পৃথক প্রার্থী দিচ্ছে।এদিকে বুধবার রাতে চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত পৃথক বর্ধিত সভায় তাঁর সমর্থক অংশের নেতারা মেয়র পদে প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে তাঁকে সমর্থন জানান। আগের তিনবারের মতো এবারও চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রার্থী হিসেবে তাঁর নাম তাঁরা কেন্দ্রে পাঠিয়েছেন।মেয়রবিরোধী বলে পরিচিত নেতা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড ও ১৫টি সংরক্ষিত নারী আসনেই আমাদের নিজস্ব প্রার্থী থাকবেন। ইতিমধ্যে আমরা ২৮-২৯টি ওয়ার্ডে প্রার্থী বাছাই সম্পন্ন করেছি। ফেরদৌস বেগম ওরফে মুন্নিসহ বর্তমান মহিলা কাউন্সিলরদের বেশির ভাগ আমাদের সঙ্গে রয়েছেন।’এদিকে মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, ‘বুধবার রাতে মেয়রের বাসভবনে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একজন কাউন্সিলর প্রার্থী থাকবেন। তবে তাতে যদি কেউ রাজি না হন, তাহলে তা সবার জন্য উন্মুক্ত থাকবে। কারণ, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার।’মেয়রের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আওয়ামী লীগদলীয় যে ১৫ জন কাউন্সিলর সম্প্রতি মেয়রের বিরুদ্ধে পত্রপত্রিকায় বিবৃতি দিয়েছেন, তাঁদের ওয়ার্ডে বিকল্প প্রার্থী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেয়রের নির্বাচনী কৌশল হিসেবে এটা করা হচ্ছে।বিবৃতি দেওয়া ওই ১৫ কাউন্সিলরের ওয়ার্ডে বিকল্প প্রার্থী দেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার প্রার্থী দেওয়ার সময় কোথায়? যার ইচ্ছা সে দাঁড়াবে, জনগণও তাঁদের ইচ্ছামত ভোট দেবেন।’ তিনি আরও বলেন, ‘ভোটের মাঠে অনেক কৌশল হয়, সব আমি বলব কেন?’জানা গেছে, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী মেয়রের ঘনিষ্ঠ। তিনি নিজেকে আওয়ামী লীগের মূলধারার প্রার্থী দাবি করছেন। একই দলের আশীষ কুমার ভট্টাচার্য এ ওয়ার্ডে নিজেকে নুরুল ইসলাম এবং আ জ ম নাছিরের প্রার্থী হিসেবে প্রচার করছেন। একইভাবে উত্তর পাঠানটুলি ওয়ার্ডে মেয়রের ঘনিষ্ঠ নিয়াজ মোহাম্মদ খানের বিপক্ষে যুবলীগের কেন্দ্রীয় সদস্য আবদুল মান্নান ফেরদৌস, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মহিউদ্দিনপন্থী কাউন্সিলর ছিদ্দিক আহমদ চৌধুরীর বিপক্ষে সুজিত দাশ, জামাল খান ওয়ার্ডে কাউন্সিলর এম এ নাসেরের বিপক্ষে মহিউদ্দিনবিরোধী মোহাম্মদ আইয়ুব প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।গতকাল শুক্রবার জেলা নির্বাচন কার্যালয়ে আশীষ কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘আমি নুরুল ইসলাম বিএসসি ও আ জ ম নাছিরের প্রার্থী। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদও আমাদের সঙ্গে রয়েছে। জহরলাল হাজারী মেয়রের লোক।’জহরলাল নিজেকে আওয়ামী লীগের মূলধারা অর্থাৎ মহিউদ্দিনপন্থী দাবি করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের অপর একটি পক্ষ প্রার্থী দিচ্ছেন। কিন্তু আমরা মূল কমিটির প্রার্থী। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’এদিকে পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়রবিরোধী অংশের নেতা জালালউদ্দিন ইকবাল বলেন, প্রতিটি ওয়ার্ডে মেয়রের একজন নয়, একাধিক কাউন্সিলর প্রার্থী। কারণ ওয়ার্ডে মেয়রের পক্ষে প্রার্থী বেশি হলে তাঁরই লাভ। পাথরঘাটা ওয়ার্ডে মেয়রপন্থী দেবাশীষ গুহ ওরফে বুলবুলের নামও প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।