নগর ভবন থাকবে সবার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি একটি দল করি। দলের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়েছি। দলের প্রতি আমার আস্থা ও বিশ্বাস অবিচল থাকবে। আমি দলের হলেও নগর ভবন থাকবে সবার। মেয়রের দায়িত্ব নেওয়ার পর সবার আগে এই বিষয়টি আমি নগরবাসীর কাছে দৃশ্যমান করে তুলব।’ সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। গতকাল সোমবার দুপুরে তিনি প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে বসে সাক্ষাৎকার দেন।আরিফুল হক এবারই প্রথম মেয়র নির্বাচিত হলেন। এর আগে ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে সিলেট নগর বিএনপির সভাপতি থাকাকালে নিজ এলাকা ১৮ নম্বর ওয়ার্ড থেকে কমিশনার (বর্তমানে কাউন্সিলর) নির্বাচিত হয়েছিলেন।সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আরিফুল হক বলেন, ‘আমি কিন্তু মেয়র হওয়ার জন্যই এক দশক আগে কমিশনার হয়েছিলাম। সেই কথাটি এত দিন কাউকে বলিনি। মেয়র হওয়ার পর আজ বললাম।’ প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান এর আগে তিনবার পৌরসভার কমিশনার, একবার পৌর চেয়ারম্যান ও টানা দুবার সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেন। জনপ্রিয় জনপ্রতিনিধিকে পরাজিত করে বিজয়ী হয়েছেন, এই বিজয়ে বড় শক্তি কী ছিল—জানতে চাইলে আরিফুল হক বলেন, ‘আমার পক্ষে স্লোগান ছিল পরিবর্তন ও উন্নয়ন। নাগরিকেরা পরিবর্তন ও উন্নয়ন চাইছিলেন। তাই এর পক্ষে আমাকে ভোট দিয়েছেন। এই বিজয় গোটা সিলেট নগরবাসীর বিজয়। নির্বাচনে দলমত-ধর্মবর্ণনির্বিশেষে আমাকে মেয়র নির্বাচিত করেছে, তাই আমি এখন নগরবাসীর মেয়র।’ আরিফুল হক নগরবাসী, বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীসহ সব ধর্মের লোকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সিলেট হলো সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমার বিজয়ে প্রমাণ হয়েছে—সম্প্রীতির শহরে কোনো গোষ্ঠী বা গোত্র কারও ভোটব্যাংক নয়। নগরের উন্নয়নে যার ভূমিকা জোরালো—তাঁকেই কাছে টেনেছেন পবিত্র আমানত ভোটের মাধ্যমে। জীবনভর সেই আমানত রক্ষার চেষ্টায় থাকব।’সম্প্রীতি প্রসঙ্গে আরিফ বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় থেকে আমি সম্প্রীতি ধরে রাখার চেষ্টায় আছি। আমার প্রতিপক্ষকে কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। প্রতিদ্বন্দ্বীকে বুকে জড়িয়ে ধরেছি। ভোটের ফলাফল মেনে আমার প্রতিদ্বন্দ্বী (বদরউদ্দিন আহমদ) আমাকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিদানে পরদিন আমি তাঁর বাসায় গিয়েছি। এসব করার একটিই উদ্দেশ্য—আমরা যে মতাদর্শী হই না কেন, সিলেট যেন শান্তিপূর্ণ শহর থাকে।’ অভিনন্দন জানানোয় সিলেট-১ আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট-৬ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরিফ। তিনি বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে অর্থমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী মহোদয়সহ সরকারের কাছে সব ধরনের সাহায্য-সহযোগিতা চাই। কারণ, সিটি করপোরেশন হলো স্থানীয় সরকার। মেয়র হিসেবে আমি নগরবাসীর মেয়র। আশা করি, সরকারের সহযোগিতা পাব।’দায়িত্ব গ্রহণের পর কোন কাজটি আগে করবেন—এমন প্রশ্নে আরিফ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিবেচনায় কাজ শুরু করব। তবে শুরুতেই আমার নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১১ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করব। একইভাবে কাউন্সিলর ও সুশীল সমাজের সঙ্গে পৃথক মতবিনিময় করে কার্যক্রম শুরু করব।’ নির্বাচনী ইশতেহার অনুসরণ করে কাজ শুরু করলেও এর মধ্যে কিছু ‘দৃষ্টান্ত’ রাখার মতো কাজ করবেন বলে আরিফ জানান। শুরুতে আইনশৃঙ্খলা ও নগরে যানজট পরিস্থিতির ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করবেন।আরিফ বলেন, ‘প্রবাসী-অধ্যুষিত শহর সিলেট। বড় একটি সমস্যা হচ্ছে ছিনতাই। ছিনতাই হলে পরে শনাক্ত করা নিয়ে গলদঘর্ম হতে হয় পুলিশকে। এই ছিনতাই বন্ধ করতে আম্বরখানা থেকে বন্দরবাজার পর্যন্ত ১০টি স্থান নির্ধারণ করে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাব। ছিনতাইকারী শনাক্ত করতে এ কাজ করলেও রাজনৈতিক সহিংসতা মোকাবিলায়ও এটি ভূমিকা রাখবে। এতে ফলাফল ভালো হলে পরিসর বাড়াব।’‘নগর বিদ্যুৎ’ নামে একটি বিশেষ পরিকল্পনার কথা জানান আরিফ। তিনি বলেন, ‘বিদ্যুতের ক্রমবর্ধমান সমস্যার সমাধানে শুধু সিলেটের জন্য একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করব। প্রবাসী বিনিয়োগে বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা নিজ থেকে পূরণ করার উদ্যোগ নেব। এটি বাস্তবায়ন করতে পারলে সিলেট নগর হবে বিদ্যুতের জন্য একটি আদর্শ নগর।’সাক্ষাৎকারে বিগত চারদলীয় জোট সরকারের আমলে উন্নয়ন আলোচনাও উঠে আসে। এ সময় তাঁর প্রভাব নিয়ে নানা অভিযোগ প্রসঙ্গে কথা হয়। ‘স্বল্পভাষী’ আরিফ এ ক্ষেত্রে স্বভাবসিদ্ধ ভাব এড়িয়ে বিস্তারিত জবাব দেওয়ার চেষ্টা করেন। আরিফ বলেন, ‘আমার অতীত নিয়ে একটি পরীক্ষা হয়ে গেল। আমি এখন উত্তীর্ণ। নগরবাসীর গণরায়ের পবিত্রতা আমার শরীরে ও চিন্তায়। নগরের কল্যাণ ছাড়া আর কিছুই আমার ভাবনায় নেই। আমাকে প্রমাণ করতেই হবে—দায় নিয়ে কাজ করলে পরিবর্তনের আওয়াজ ওঠে না।’