নগর ভবনে সংঘর্ষ, আহত কয়েকজন
ঢাকা সিটি করপোরেশনকে বিভক্তির ঘটনায় নগর ভবনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সরকার-সমর্থক ঢাকা সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী লীগের সঙ্গে বিভক্তিবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রমিক-কর্মচারী লীগ এ বিভক্তিকে স্বাগত জানিয়ে দুপুরে নগর ভবনের বারান্দায় মিছিল বের করে। মিছিল শেষে তারা নগর ভবনের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সমাবেশ শুরু করে। এ সময় বিভক্তির প্রতিবাদে আন্দোলনরত অপর পক্ষ মিছিল বের করে। একপর্যায়ে তারা সরকার-সমর্থকদের সমাবেশে হামলা চালিয়ে ওই স্থানটি দখল করে নেয়। হামলায় শ্রমিক লীগ নেতা মো. ইব্রাহীম, মিজানুর রহমান ভূঁইয়া ও আবদুল মালেক নামের তিনজন নেতা আহত হন।পরে পুলিশ আসার পর শ্রমিক-কর্মচারী লীগের নেতা-কর্মীরা অপর পক্ষকে ধাওয়া দিলে এতে আরও কয়েকজন আহত হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ঢাকা বিভক্তির পক্ষে-বিপক্ষে মিছিল হচ্ছিল। শ্রমিক-কর্মচারী লীগ বিভক্তির পক্ষে আনন্দ মিছিল করার সময় তাদের ওপর অন্য পক্ষ হামলা চালায়। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে নগর ভবনে উত্তেজনা বিরাজ করছে।’