নগরকান্দায় দলিল লেখক সমিতির কাছে সাধারণ মানুষ জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার মানুষ দলিল লেখক সমিতির কাছে জিম্মি হয়ে পড়েছে। দলিল করতে আসা মানুষের দলিল প্রতি সমিতিকে চাঁদা দিতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরকান্দা ও সালথা উপজেলার সব দলিল নগরকান্দা রেজিস্ট্রি অফিস থেকে করা হয়। সপ্তাহের চার দিন সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দলিলগুলো নিবন্ধন করা হয়। প্রতি মাসে গড়ে এক হাজার দলিল এই অফিসে নিবন্ধন করা হয়। এর মধ্যে প্রায় ২০০ দলিল এক লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হয়ে থাকে। এই দলিল লেখা থেকে সমিতি চাঁদা বাবদ মাসে যে টাকা আয় করে তার একটি অংশ রেজিস্ট্রি অফিসে এবং একটি অংশ স্থানীয় রাজনৈতিক নেতাদের দেওয়ার পর বাকি টাকা দলিল লেখকেরা ভাগ করে নেন।নগরকান্দা পৌরসভার সাবেক কমিশনার মোস্তাক হোসেন প্রথম আলোকে বলেন, ‘৪ অক্টোবর আমি দলিল করতে আসি। সমিতি আমার কাছে প্রতি লাখে ১২ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দলিল লেখকদের সঙ্গে আমার বচসা হয়। আমি বিষয়টি নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি।’নগরকান্দার আটাইল ডাঙ্গি গ্রামের মো. সোলায়মান হোসেন বলেন, ‘আমি ফরিদপুরে আমার পরিচিত দলিল লেখক অপূর্ব বিশ্বাসকে নিয়ে নগরকান্দা রেজিস্ট্রি অফিসে যাই আমার জমির দলিল করতে। সমিতি আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে তা না হলে অপূর্বকে দলিল লিখতে দেওয়া হবে না। পরে সমিতিকে চার হাজার টাকা চাঁদা দিয়ে আমি অপূর্বকে দিয়ে দলিল লেখাতে সক্ষম হই।’স্থানীয় সচেতন নাগরিক ও নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, ‘দলিল লেখকেরা সমিতির নামে সিন্ডিকেট করে জনসাধারণকে হয়রানিসহ বেশি টাকা দিতে বাধ্য করছে। প্রতি লাখে দুই হাজার টাকা চাঁদা না দিলে দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ দলিলে স্বাক্ষর করেন না। কোষাধ্যক্ষ স্বাক্ষর না করলে সেই দলিল রেজিস্ট্রি হয় না। নগরকান্দা দলিল লেখক সমিতি প্রতি মাসে এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।’নগরকান্দা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইমতাজ বলেন, ‘দলিল করতে প্রতি লাখে আট থেকে সাড়ে আট হাজার টাকা সরকারি খরচ আছে। লাখ লাখ টাকার জমি দলিল করলেও মানুষ আমাদের টাকা দিতে চায় না। এ জন্য গণ্ডগোল বাধে।’দলিল লেখক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতি লাখে আমরা ১২ হাজার টাকা দাবি করি। কিন্তু এ টাকা কেউ দেয় না। লাখে ১০ থেকে সাড়ে ১০ হাজার টাকা পর্যন্ত আমরা পাই। সমিতি যে টাকা নেয় তা মাস শেষে সমিতিভুক্ত ৬২ জন দলিল লেখকের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে অন্তত ২৫ জন মাসে একটি দলিলও লেখার জন্য পায় না। আর্থিকভাবে তারা দুর্বল। এ জন্য সমিতির মাধ্যমে তাঁদের সাহায্য করা হয়। তবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই টাকা ভাগ করে নিই। তবে এ টাকার ভাগ রেজিস্ট্রি অফিস বা রাজনৈতিক নেতাদের দেওয়া হয় না।’নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক বলেন, ‘দলিল লেখকেরা বেশি টাকা নেন এ জাতীয় অভিযোগ পেয়ে আমি সমিতির সদস্যদের ডেকেছিলাম। দলিল লেখকেরা দাবি করেছেন, তাঁরা নাকি জেলার অন্যান্য উপজেলার চেয়ে কম টাকা রাখেন। আমি নগরকান্দার দলিল লেখক সমিতির রেট নিয়েছি। অন্য উপজেলার সঙ্গে বিষয়টি তুলনা করে দেখছি।’