নগরকান্দায় ভূমি অফিসের জায়গা দখল করে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির সুযোগ নিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ভূমি অফিসের প্রায় চার শতাংশ জায়গা দখল করে ১৪টি দোকান নির্মাণ করা হয়েছে। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘যুবলীগের ছেলেরা এ কাজ করেছে। আমি ইউএনওকে বলেছি ওই অবৈধ স্থাপনা ভেঙে দিতে। নেত্রী (সাজেদা চৌধুরী) আসছেন, তাঁকেও বিষয়টি জানানো হবে।’প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরকান্দা ভূমি অফিস ও তহশিল অফিসের ডান পাশে ভূমি অফিসের জায়গায় ৯ সেপ্টেম্বর থেকে দোকান নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এ কাজে নেতৃত্ব দেন ও তদারক করেন। নির্মাণকাজ ঈদের পরের দিনগুলোতেও চলতে থাকে। বাঁশ ও টিন দিয়ে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। রাতেই এই নির্মাণকাজ চলছে বেশি। ইতিমধ্যে টিন ও বাঁশ দিয়ে দোকানগুলোর কাঠামো নির্মাণ শেষ হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, এক একর ৫২ শতাংশ জমির ওপর নগরকান্দা ভূমি অফিস ও ইউনিয়ন তহশিল অফিস। সেখানকার পুকুরসংলগ্ন ফাঁকা জমি দখল করে এসব দোকান নির্মাণ করা হয়েছে। জানা গেছে, দোকানপ্রতি ৪০ হাজার টাকা চাওয়া হয়েছে।এ ব্যাপারে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ হাওলাদার বলেন, ‘ভূমি অফিসের জায়গায় কিছু নতুন ঘর তুলতে দেখেছি। ভূমি অফিসের কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। তাই আমরা কোনো ভূমিকা পালন করিনি।’নগরকান্দার তহশিলদার এস এম পারভেজ বলেন, ‘যেসব দোকান তোলা হয়েছে, সেগুলো অবৈধ। বৃহস্পতিবার বিকেলে আমি কর্মস্থল ত্যাগের সময় জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারার খবরটি জানতে পারি। সঙ্গে সঙ্গে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনওকে মুঠোফোনে জানিয়েছি।’সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন বলেন, ‘৭ সেপ্টেম্বর দুই দিনের ছুটি নিয়ে আমি কর্মস্থল ত্যাগ করি। ৯ সেপ্টেম্বর ভূমি অফিসের জায়গা দখল করে দোকান নির্মাণের কথা জানতে পারি। দখলকারীরা সংখ্যায় বেশি ছিল, তাই অফিসের কর্মচারীরা তাদের বাধা দিতে সাহস পায়নি।’ তিনি আরও বলেন, ‘ভূমি অফিসের জায়গা কাউকে লিজ দেওয়া হয়নি বা লিজ দেওয়ার আইনও নেই। ওখানে যে স্থাপনা নির্মাণ করা হয়েছে তা অবৈধ। আমরা অবৈধ দখলদার উচ্ছেদ করব। প্রয়োজনে মামলা করব।’নগরকান্দার ইউএনও তরিকুল আলম বলেন, ‘আজ (গতকাল সোমবার) এই আসনের (নগরকান্দা ও সালথা) সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর নগরকান্দা সফরে আসার কথা। বিষয়টি তাঁকে জানাব এবং প্রতিকার চাইব। তিনি যদি সমস্যার সমাধান করে দেন তো ভালো, না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।’এ বিষয়ে নগরকান্দা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান সর্দার প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনার কিছুই জানি না। আমি এর মধ্যে নেই এবং এ ধরনের কাজ আমি সমর্থনও করি না।’ তবে ভূমি অফিসের জায়গা দখল করে ঘর নির্মাণের ঘটনা যদি ঘটে থাকে, তা যুবলীগের নেতা লিয়াকত ও তাঁর অনুসারীদেরই কাজ বলে দাবি করেন তিনি।নগরকান্দা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম তালুকদার বলেন, ‘আমি পুরোপুরি জড়িত নই, মূল কাজ হয়েছে লিয়াকতের নেতৃত্বে।’ তিনি বলেন, ‘১৪টি নয়, ১২টি দোকান তোলা হয়েছে। আমরা কাউকে উচ্ছেদ করিনি। সরকারি জায়গা, ইজারার জন্য আবেদন করেছি। এখনো কাগজপত্র হাতে পাইনি।’অভিযোগ সম্পর্কে কথা বলার জন্য যুবলীগের নেতা লিয়াকত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, লিয়াকত নিজেকে পৌর যুবলীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। যুবলীগের আরেক সদস্য নিমাই সরকারের দাবি, ‘আমি দেখেছি ভূমি অফিসের জায়গায় দোকান নির্মাণ করা হচ্ছে। তবে এ কাজে কারা জড়িত তা আমি জানি না।’জেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নাজমুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নগরকান্দা যুবলীগের কমিটিকে সাজেদা চৌধুরী অনুমোদন দিয়েছেন।