নগরগাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট-কাঠের এ শহরে চোখ ভরে সবুজ দেখা যায় না। তবুও এর মধ্যেই কী করে কী করে যেন হুটহাট চোখে পড়ে একেকটা খেজুরগাছ। সুন্দর আঁকাবাঁকা লিকলিকে শরীর নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় গাছগুলো। সুচোলো পাতায় ছাওয়া ওপরটা। শীতকালে সেই কাঁটা কাঁটা পাতা ঘিরে কুয়াশারা খেলা করে। দেখতে বেশ লাগে। তাই বলে টাটকা খেজুরের রস খাওয়ার শখ! ওই অত্ত ওপরে উঠে গাছ কাটবে কে? হাঁড়ি পাতবে কে? রসভর্তি হাঁড়ি নামাবে কে? উত্তর হচ্ছে, আবু মোল্লা।আবু মোল্লা ফরিদপুরের মানুষ। সেখানে খেজুরগাছের কমতি নেই। তাই গাছ কাটার কাজটা তাঁদের শেখা হয়ে যায় শৈশবকালেই। এখন তাঁর বয়স প্রায় ৬৫ বছর। তবুও বিরাম নেই তাঁর। সারা বছর শীত এলেই আবু মোল্লা ঢাকা শহরে আসেন খেজুরগাছ কাটতে। অবশ্য একা আসেন না, সঙ্গে আরও দু-একজন থাকেন। তাঁদের সঙ্গে নিয়ে খেজুরগাছওয়ালার বাড়ি খুঁজে নেন তিনি। গাছের মালিকের সঙ্গে আধাআধি হিস্যার চুক্তি হয় আবু মোল্লার। মানে রস যা হবে, তার অর্ধেক নেবেন তিনি আর বাকি অর্ধেক নেবেন গাছের মালিক। গাছ কাটা থেকে শুরু করে হাঁড়ি পাতা, রস নামানো সব দায়দায়িত্ব তাঁর।বারিধারা পার্ক রোডের ৬৮ নম্বর বাড়িটার সামনে দেখা হয়ে গেল আবু মোল্লার সঙ্গে। কোমরে বাঁধা মোটা পাটের দড়ির সঙ্গে ঝোলানো বাঁশের খলায় ধারালো ছ্যানটা মুখ বের করে আছে। গাছ কাটতে এটাই তাঁর প্রধান অস্ত্র। বলছিলেন, ‘এই ছ্যান দিয়ে গাছের মাথায় যে ছাল থাকে সেইডে ছিলতি অয়। তারপর কাটা জায়গায় বাঁশের কঞ্চি ফাইড়ে ঢুকায়ে দিতি অয়। তাহলি পরে রস বার হইয়ে আসে।’এই রস সংগ্রহ করা হয় মাটির হাঁড়িতে। হাঁড়ি গাছের মাথায় বাঁধার আগে তার ভেতর চুনের হালকা প্রলেপ দিয়ে নিতে হয়। নইলে রস টক হয়ে যায়।বারিধারা, বনানী আর কালাচাঁদপুর মিলিয়ে মোট ১২টা গাছ পেয়েছেন আবু মোল্লা। দুই দিন পরপর এসব গাছে রসের হাঁড়ি পাতেন তিনি। কিন্তু দুই দিন পরপর কেন? সে কথা জানতে চাইলে আবু মোল্লা উত্তর দিলেন, ‘গাছ শুকানোর জন্য সময় দেওয়া লাগে। দুই দিন না হইলে গাছ শুকায় না। শুকাইয়া গাছ কাটলে গাছে আবার রস আসে।’গুলশান-২-এর ৯১ নম্বর রোডের পাশের একটা ফাঁকা প্লটে আস্তানা গেড়েছেন তিনি। প্রতিবছর এখানেই আসেন তিনি। শীতের পুরোটা সময় থাকেন। গাছ কাটেন আর রস বিক্রি করেন। বেশির ভাগ দিনই দেখা যায় রসের বায়না থাকে। এসব এলাকার সাহেবসুবোরা সকালের নাশতায় শখ করে একটু খেজুরের রস খেতে চায়। তা ছাড়া দামটাও বেশ ভালো মেলে। তারপর হাঁড়িতে বাড়তি কিছুটা থেকে গেলে তা নিয়ে তিনি বসে পড়েন ফুটপাতে। দেখতে দেখতে সেটাও বিক্রি হয়ে যায়। শহরে ৬০ টাকা কেজি দরে রস বিক্রি করে এই পুরো মৌসুমে প্রায় হাজার পঁচিশেক টাকা জমবে আবু মোল্লার হাতে। তাই নিয়ে শীত শেষে বাড়ি ফিরবেন তিনি। গ্রামে ফসলের সময় খেতে কামলা খেটেও কিছু কিছু রোজগার হয় তাঁর। সব মিলিয়েই তাঁকে আর তাঁর স্ত্রীকে সংসারটা টেনে নিতে হয় পুরোটা বছর। বড় মেয়েটার বিয়ে দিতে হয়েছে। ছোট ছেলেমেয়ে দুটো পড়ালেখা করে। তাদের জন্যই এ বয়সেও কষ্ট করেন আবু মোল্লা।সবই ঠিক আছে, তবুও এ শহরে এসে একটা খেদ মনে রয়েছে আবু মোল্লার মনে। আবু মোল্লার মনে হয়েছে, ঢাকা শহরের মাটিতে নাকি তেমন একটা জোর নেই। গাছের রসে স্বাদটাও যে রকম হওয়ার কথা, ঠিক সে রকম হয় না। মজা করে তাই বলছিলেন, ‘গাছ কাটলে রস হয় ঠিকই, কিন্তু সেই রসে রস নাই।’