নগরবাসীর নানা সমস্যা দূর হবে বলে প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত রংপুর সিটি করপোরেশনে রয়েছে নানা সমস্যা। সড়কের মধ্য দিয়ে বিদ্যুতের খুঁটি বসানোয় নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সড়ক যোগাযোগেরও করুণ অবস্থা। নেই সড়কবাতি। পয়োনিষ্কাশনব্যবস্থাও ভেঙে পড়েছে। এসব পুরোনো সমস্যার সমাধান নতুন সিটি করপোরেশনের আওতায় হবে বলে প্রত্যাশা করছে নাগরিকেরা।সরেজমিনে দেখা যায়, নগরের প্রধান সড়কের মধ্য দিয়ে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। এতে সড়ক আরও সংকুচিত হয়ে পড়েছে। চলাচলের ক্ষেত্রে পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও এটি বাধার সৃষ্টি করছে। এলাকাবাসীর অভিমত, চার লেন সড়ক প্রশস্তকরণ না করে পৌর পরিষদ সড়কে বিদ্যুতের খুঁটি বসায়। এ কারণে আজ তাঁদের এমন বিপদে পড়তে হচ্ছে।নগরের সিও বাজার থেকে বানিয়াপাড়া সড়কটি আট বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গ্র্যান্ড হোটেল মোড় থেকে নিউ সেনপাড়ায় যেতে সড়কের অবস্থা বেহাল। পর্যটন মোটেলের পেছনে রামপুরা-ভগি বালাপাড়া সড়কটির একাধিক স্থানও খানাখন্দে ভরা। এ ছাড়া সিটি করপোরেশন এলাকার পরশুরাম, তপোধন, উত্তম, দর্শনা, সদ্যপুষ্করিণী, সাতগাড়া, তামপাট, হরিদেবপুর ও রাজেন্দ্রপুরের অধিকাংশ সড়ক এখনো কাঁচা।সরেজমিনে আরও দেখা যায়, নগরের বিভিন্ন পাড়া-মহল্লার পয়োনিষ্কাশনব্যবস্থাও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নর্দমাগুলোতে পানিপ্রবাহ নেই বললেই চলে। নর্দমার বর্জ্য কোথায় গিয়ে পড়বে, এরও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এর ফলে নর্দমাগুলো উপচে পড়ার উপক্রম হয়েছে।নগরের নিউ জুম্মাপাড়ার ব্যবসায়ী মুন্সি মুজিব বলেন, কয়েক দফায় নর্দমা সংস্কার করা হয়েছে। কিন্তু ঠিকমতো সংস্কার না করায় মানুষের দুর্ভোগ কমেনি। সেই সঙ্গে বিশুদ্ধ পানির সরবরাহও অপ্রতুল। নতুন নগর-ব্যবস্থাপনায় এসবের সমাধান খুঁজে পাওয়া যাবে বলে তাঁর প্রত্যাশা।নগরের পর্যটন মোটেলের সামনে, কেরানীপাড়া, নিউ শালবন, কামালকাছনা, বৈরাগীপাড়া, কলেজ রোড, বনানীপাড়া, বাবুখা, মুলাটোল, গণেশপুর, নিউ সেনপাড়া, নিউ জুম্মাপাড়া, ভগি বালাপাড়া, নীলকণ্ঠ, সিওবাজার, জলকরসহ নগরের আরও অনেক স্থানে নর্দমা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে।নগরের জুম্মাপাড়ার রশিদ বাবুর মতে, পরিকল্পনামাফিক কাজ না করায় জলাবদ্ধতা দেখা দেয়। নর্দমার পানি উপচে পড়ে। দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে ওঠে। এ সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে।মুলাটোলের বাসিন্দা চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান বলেন, নর্দমার দূষিত পানি স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে অপরিকল্পিতভাবে বাসাবাড়ি নির্মাণের সময় নর্দমার ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত বছরের ২০ মার্চ থেকে রংপুর শহরের মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মডার্ন মোড় হয়ে শহরের ভেতর দিয়ে লালবাগ, কলেজ রোড, শাপলার মোড় হয়ে পুনরায় মেডিকেল মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্তকরণের কাজ ৭৮ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে। কিন্তু দেড় বছরে ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। যেটুকু কাজ হয়েছে, তা-ও এখন খানাখন্দে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সওজ বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, অর্থ বরাদ্দ না থাকায় মাঝখানে কাজ বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। তিনি বলেন, সড়ক প্রশস্তকরণের কাজ শুরু না করে নগরের একমাত্র প্রধান সড়কে বিদ্যুতের খুঁটি না বসানোর জন্য পৌর পরিষদকে বলা হয়েছিল। কিন্তু তারা শোনেনি। এ কারণে নগরবাসীকে এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে।সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, জুনের মধ্যে যদি নগরের প্রধান সড়কে বিদ্যুতের খুঁটি না বসানো হতো, তাহলে দুই কোটি টাকা ফেরত যেত। সে কারণে এটি করা হয়েছে। কিন্তু নাগরিকদের দুর্ভোগের বিষয়টি দেখা হলো না কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কী আর করব।’নানা সমস্যা ও ভোগান্তির কথা উল্লেখ করে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের আহ্বায়ক এস এম পিয়াল আক্ষেপ করে বলেন, ‘এমন দুর্ভোগ আর কত দিন।’সিটি করপোরেশনের প্রশাসক কাজী হাসান আহমেদ বলেন, ‘সমস্যা আছে। আমি তো এসেছি সামান্য কিছু দিনের জন্য। নির্বাচন হলেই চলে যেতে হবে।’