নগরবাসীর স্বপ্ন ও প্রত্যাশা, নবরূপে সাজবে মহানগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নিয়ে এলাকার লোকজনের অনেক স্বপ্ন ও প্রত্যাশা। তাঁদের প্রত্যাশা, নতুন এই সিটি করপোরেশনকে নবরূপে সাজানো হবে। রাস্তাঘাটের উন্নয়ন হবে। ফুটপাত থাকবে হকারমুক্ত। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এলাকাবাসীর দাবি, যে দলেরই মেয়র নির্বাচিত হোন, একটি আধুনিক মহানগর গড়তে সরকার যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এলাকাবাসী জানান, সাবেক পৌর এলাকার চেয়ে সিটি করপোরেশনের সীমানা অনেক বেড়েছে। ১৫টি ওয়ার্ড নিয়ে ছিল পৌরসভা। এখন সিটি করপোরেশনের ওয়ার্ড হচ্ছে ৩৩টি। এই সিটি করপোরেশনের আয়তন ২০৩ বর্গকিলোমিটার। সাবেক পৌর এলাকায় দীর্ঘদিন ধরে তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই নতুন এই সিটি করপোরেশন নিয়ে এলাকার মানুষের অনেক প্রত্যাশা।এলাকাবাসী আরও জানান, তাঁরা স্বপ্ন দেখছেন, রাস্তাঘাট থাকবে যানজটমুক্ত। রাস্তায় থাকবে পর্যাপ্ত বাতির ব্যবস্থা। গড়ে উঠবে শিশুদের জন্য বিনোদনকেন্দ্র। এখানে সরকারি একটি ও বেসরকারি চারটি মেডিকেল কলেজ রয়েছে। কাজেই চিকিৎসার জন্য আর নগরবাসীকে দূরদূরান্তে যেতে হবে না। এখানে আরও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে এলাকার মানুষের কর্মসংস্থান হবে। বেকার সমস্যা অনেকটা দূর হবে। সিটি করপোরেশন হওয়ায় এখানকার নিরাপত্তাব্যবস্থাও আগের চেয়ে অনেক জোরদার হবে। পেশাজীবীদের ভাবনা: নতুন এই সিটি করপোরেশন নিয়ে বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন রকম স্বপ্ন দেখছেন।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহীন ওয়াদুদের মতে, নতুন এই সিটি করপোরেশন হবে একটি মডেল সিটি করপোরেশন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, চিকিৎসার ক্ষেত্রে এখানে অনেক পরিবর্তন আসবে। চিকিৎসার জন্য মানুষজন ছুটে যেত ঢাকায়। তিনি আশা করছেন, সেই চিকিৎসাব্যবস্থা এখানেই নিশ্চিত করা সম্ভব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আল-আমিনের মতে, সাংস্কৃতিক সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি পূরণ করতে এখানে গড়ে উঠবে আধুনিক শিল্পকলা ভবন। ইতিমধ্যে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ভবন নির্মাণের জায়গাও নির্ধারণ করেছেন। আশা করা হচ্ছে, এবার সেটির বাস্তবায়ন হবে। বেতার নাট্যকার নাট্যশিল্পী সংস্থার সভাপতি কাজী মো. জুননুন আশা করেন, রংপুর বেতারকে ১০ কিলোওয়াট থেকে ১০০ কিলোওয়াটে উন্নীত করতে হবে। প্রতিটি সরকারই এর প্রতিশ্রুতি দিয়েছিল। এবার এর বাস্তবায়ন হবে। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী মনে করেন, নতুন এই সিটি করপোরেশন নারী উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য দূর করবে ও নারী নির্যাতন রোধে যথেষ্ট ভূমিকা রাখবে।রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোছাদ্দেক হোসেন ভাবেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার উদ্যোগ নিতে সিটি করপোরেশনের গুরুত্ব রয়েছে। এসব ছোট ছোট শিল্প গড়ে উঠলে দূর হবে বেকার সমস্যা। রিকশাচালক আলী আজম সিটি করপোরেশনের প্রতিটি রাস্তা রিকশা চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন। বুড়িরহাট এলাকার কৃষক রমাকান্ত হাটগুলোতে বিভিন্ন পণ্য কেনাবেচার জন্য শেডের ব্যবস্থা করার দাবি জানান। রাজনৈতিক নেতাদের ভাবনা: সরকারি দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নতুন এই সিটি করপোরেশন নিয়ে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করছেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদ দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি নতুন এই নগরকে নবরূপে দেখতে চান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, আশা করা যায়, এটি একটি মডেল সিটি হবে। ইতিমধ্যে চার লেন সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। একটি মহিলা ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে থাকবে সুইমিং পুল ও নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, যে দলেরই মেয়র নির্বাচিত হোন না কেন, আশা করি, দলমত-নির্বিশেষে সবাই সিটি করপোরেশনের উন্নয়নে কাজ করবেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, মানুষজন যাতে শান্তিতে চলাফেরা করতে পারে, এমন সিটি করপোরেশন চান তিনি। এ ছাড়া তিনি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বসহকারে দেখছেন।