নগরবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বড় পরিকল্পনা তৈরি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, নগর এলাকায় বস্তি ও ভাসমান মানুষের পয়োনিষ্কাশনের ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। আন্তমন্ত্রণালয় পর্যায়ে বৈঠক করে নগরবাসীর স্বাস্থ্যসেবার দুর্বলতা কাটাতে একটি বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে। নগরে বসবাসকারী দরিদ্র মানুষের কাছে কীভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে আন্তমন্ত্রণালয়ের সমন্বয় অত্যন্ত জরুরি।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, ‘ঢাকা শহরের স্বাস্থ্য-ব্যবস্থার দায়িত্ব আমার নয়। মানুষের ডায়রিয়া কেন হচ্ছে আমি বলতে পারব না, বিষয়টি সিটি করপোরেশন বলতে পারে।’স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আন্তমন্ত্রণালয় পর্যায়ে সমন্বয়ের ব্যাপারে যেকোনো উদ্যোগে আমরা সঙ্গে আছি।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ দেশীয় প্রতিনিধি ওয়াং ভাতি সংকবল প্রমুখ।